অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে শ্রমিক কল্যাণ সমিতির নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে গতকাল বুধবার বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।পুলিশ, স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের বিভিন্ন পথে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলো থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে শ্রমিক ইউনিয়ন চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি আরেকটি সংগঠন শ্রমিক কল্যাণ তহবিলের নাম করে চাঁদা আদায় শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট বাজারে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান বলেন, অটোরিকশাচালকেরা মালিক সমিতিকে চাঁদা দিতে অস্বীকার করায় তাদের লোকজন সড়ক অবরোধ করে শ্রমিকদের ওপর হামলা চালায়।অটোরিকশা মালিক সমিতির সভাপতি আবুল খায়েরের দাবি, মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের চাঁদা তোলার বিরোধিতা করায় গাড়ি ভাঙচুর ও মালিকদের লাঞ্ছিত করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদা আদায় নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে এই সংঘর্ষ হয়। তিনি জানান, উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ায় এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।