অটোরিকশা 'ছিনতাই চক্রের' ৮ জন গ্রেপ্তার
সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রে জড়িত থাকার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে দুজন ছিনতাই চক্রের মূল হোতা বলে দাবি করেছে ডিবি।
গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত রাজধানীর উত্তরা ও ঢাকার উপকণ্ঠ টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহূত সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছিনতাই চক্রের মূল দুই হোতা শহিদুল ইসলাম ওরফে কানা শহিদ (৪৫), মন্টু শিকদার (৩৮) ও তাঁদের সহযোগী হাবিবুর রহমান (৩৫), ভুলু শেখ (৩৫), তরিকুল ইসলাম (৩০), জলিল (৪২), জুয়েল (২৪) ও সোলায়মান (৩৩)।
অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোলায়মান, তরিকুল, জলিল, হাবিবুর, জুয়েল ছিনতাই করা অটোরিকশা গ্যারেজের মালিক ভুলু শেখের কাছে রাখেন বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা স্বীকার করেছে। পরে দলপ্রধান শহিদ ও মন্টু অটোরিকশার মালিকদের সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে তাদের কাছে ছিনতাই করা ওইসব অটোরিকশা ফেরত দেয়। কানা শহিদ অটোরিকশার মালিকদের কাছ থেকে ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার পর্যন্ত টাকা নিয়ে থাকে।
ডিবির কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ছিনতাই চক্রের সদস্যদের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।