অটোরিকশাচালকদের কাছ থেকে পুলিশের চাঁদাবাজি?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
অটোরিকশার চালক ও মালিক সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরে সাত শতাধিক অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশা বাঞ্ছারামপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বিভিন্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে। এ জন্য সড়কসংশ্লিষ্ট থানাগুলোকে মাসিক চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে সংশ্লিষ্ট থানার পুলিশ অটোরিকশা আটকে রাখে। পরে মোটা অঙ্কের টাকা আদায় করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশাচালক বলেন, ‘বাঞ্ছারামপুর থানার জন্য ২০০ টাকা, কুমিল্লার হোমনা থানাকে ২৫০ টাকা, তিতাস থানার জন্য ৩০০ টাকা, গৌরীপুর বাজারের পুলিশ ফাঁড়িকে ২০০ টাকা, গৌরীপুর মোড়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের জন্য ১৫০ টাকা করে প্রতি মাসে চাঁদা দিতে হয়।’
হোমনার শ্রীমদ্দির অটোরিকশাচালক মো. আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চাঁদার টাকা থানার নায়েব সুবেদার অ্যাপোলো স্যারকে দিতে হয়। তিনি ওসি স্যারকে ১০ তারিখের মধ্যে টাকা বুঝিয়ে দেন।’ তিনি আরও জানান, চাঁদা আদায়ের জন্য অটোরিকশাগুলোতে ‘এন’, ‘ই’, ‘কে’, ‘বি’ ইত্যাদি সংকেত দেওয়া হয়। এসব চিহ্ন দিয়ে চাঁদা আদায়সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়। এ জন্য বিভিন্ন স্থানে পুলিশের মনোনীত একজন করে লোকও রয়েছেন। এ ছাড়া চাঁদা আদায়ের টোকেন হিসেবে চালকদের দুই টাকার নোট দেওয়া হয়। নোটে বঙ্গবন্ধুর ছবির মধ্যে একজনের স্বাক্ষর এবং অন্য অংশে পরিবহনের নাম উল্লেখ করা হয়।
নায়েব সুবেদার অ্যাপোলো চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের নাম দিয়ে অন্য কেউ অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা নিতে পারে।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মালিক পরিবহন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশাগুলো চলে। এ ক্ষেত্রে পুলিশকে জড়ানোর কিছুই নেই।’
কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ চাঁদা নিচ্ছে কিংবা পুলিশের নামে চাঁদা নেওয়া হচ্ছে—এ ধরনের কিছু আমার জানা নেই। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’