অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড় ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই মতলব সড়ক অবরোধ করেছেন অটোরিকশার মালিক ও চালকেরা।

আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় তাঁরা অবরোধ করেন। সকাল ছয়টা থেকে দাউদকান্দিতে অবরোধ হয়। বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ:
বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মানববন্ধন করেন অটোরিকশা চালক ও মালিকেরা। পরে তাঁরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে অটোরিকশা চালক ও মালিকেরা মহাসড়কের মৌচাক, শিমরাইল মোড় ও কাচপুরেও অবরোধ করেন। পুলিশ সেখান থেকেও তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দাউদকান্দি:
সকাল ছয়টা থেকে অটোরিকশার চালক ও মালিকেরা দাউদকান্দির পেন্নাই গ্রামের কাছে অবরোধ করে রাখেন। পেন্নাই-মতলব সড়কের ওই এলাকায় তাঁরা অবরোধ করেন। অটোরিকশার চালক উপজেলার গোপালপুর গ্রামের জমির মিয়া বলেন, মহাসড়ক ছাড়া দাউদকান্দির কোথাও সিএনজি গ্যাস নেওয়া যাবে না। সিএনজি গ্যাসের জন্য মহাসড়কে উঠলে পুলিশের সদস্যরা অটোরিকশা আটকে এক থেকে ২০০ টাকা আদায় করছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অটোরিকশা চালক কচুয়ার সাচার গ্রামের রমজান মিয়া বলেন, পুলিশ রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সিএনজি গ্যাস নেওয়ার জন্য সুযোগ দেয়। রাতে সিএনজি গ্যাস নিতে এলে অটোরিকশা ছিনতাই বা প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।