অটোরিকশাচালকের হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হাতে নিহত পরশুরামের সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালক মুলকেতুর রহমানের (২৮) হত্যাকারীদের শনাক্ত করে বিচার দাবিতে গতকাল শনিবার সকালে ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে পরশুরাম সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালক সমিতি। পরে তারা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভকারীরা সড়কের ডাকবাংলো চৌমুড়ীতে রাস্তার ওপর ব্যারিকেড দিয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।বিক্ষোভকারীরা অবরোধ শেষে বাজারের সিএনজি স্টেশনে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আবদুল গফুর এবং সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. মোস্তাফা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তারা মুলকেতুর রহমানের হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচার এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারের দাবি জানান।