অটোরিকশাচালকেরা নিয়ম মানছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ভবনের অফিস সহকারী নাসিরউদ্দিন যাত্রাবাড়ীতে যাওয়ার জন্য ঘণ্টা খানেকও সিএনজিচালিত অটোরিকশাচালকদের রাজি করাতে পারেননি। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালক (ঢাকা মেট্রো থ ১৩-৩৭৮০) আবুল বাশারকে অনুরোধ করলে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘আমার ইচ্ছা, আমি যামু না।’গতকাল রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে অটোরিকশাচালকদের এমন আচরণই দেখা যায়। যাত্রীদের চাহিদামতো তাঁরা সব স্থানে যেতে বাধ্য, এমন শর্তে নিবন্ধন নিলেও তাঁরা তা মানছেন না। খেয়ালখুশিমতো চলছেন। যাত্রীরা অসহায়। তবে কিছু স্থানে ঠিক এর উল্টো চিত্রও দেখা গেছে। অনেক চালক নিয়ম মেনে যাত্রী নিয়েছেন।ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, নিয়ম মানা হচ্ছে না এমন অটোরিকশার বিরুদ্ধে ১৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৩৩৩টি অটোরিকশার বিরুদ্ধে মামলা, ৩৯৯টি অটোরিকশা জব্দ এবং চারজন চালককে আটক করা হয়।গতকাল বিকেলে নীরব নামের এক যুবক তাঁর আত্মীয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকির‌্যাসা করিয়ে বারিধারার বাসায় যাওয়ার জন্য রাস্তায় নামেন। এক ঘণ্টায়ও তিনি কোনো চালককে যেতে রাজি করাতে পারেননি। অন্যদের মতো চালক এনাম তাঁকে বলেন, তিনি বারিধারা যাবেন না। নীরব জানান, তিনি চালকের কাছে কোথায় যাবেন জানতে চাইলে তিনি কোনো জবাব নিয়ে দ্রুত অটোরিকশা (ঢাকা মেট্রো থ ১৩-১৬৪৩) চালিয়ে চলে যান।বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কথা হয় যুবক মিরাজ ও সায়েমের সঙ্গে। তাঁরা বলেন, শেরেবাংলা নগরের বাণিজ্য মেলায় কোনো অটোরিকশাচালক যেতে চান না। তাঁরা বলেন, চালককে মিটারের অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দিলেও তিনি যেতে রাজি হচ্ছেন না। অটোরিকশার (ঢাকা মেট্রো থ ১৩-১৮১৫) চালক আলী আহমেদের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘যাত্রাবাড়ীর দিকে যাব।’ ওই হাসপাতালের সামনে থেকে আলম যাবেন মগবাজারে। তিনি জানান, অটোরিকশার (ঢাকা মেট্রো দ ১১-০১৬৬) চালক যেতে চান না। চালক জালাল বলেন, ‘আমার বাসা যাত্রাবাড়ী, আমি ওই এলাকা ছাড়া অন্য কোথাও যামু না।’ বৃদ্ধ জয়নাল আবেদীন হূদেরাগ ইনস্টিটিউটে চিকির‌্যাসক দেখাতে এসেছেন। তিনি দুপুর সোয়া একটার দিকে মধ্য বাসাবোর বাসায় ফিরতে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। জয়নাল অটোরিকশাচালক নাসিরউদ্দিনকে বাসাবো যাওয়ার কথা বলতেই চালক জবাব দেন, ‘যাব না।’ জানতে চাইলে নাসির বলেন, ‘আমি কোথাও যাব না, এখন দুপুরের খাবার খাব।’ ভাগ্য ভালো হলে: একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাদিয়া প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারে যেতে চাইলে অটোরিকশাচালক কোনো কথা না বলে দরজা খুলে দিলেন। কারওয়ান বাজারে নামার পরও বাড়তি টাকা দেওয়ার জন্য আবদার জানালেন না। অটোরিকশায় যাতায়াত এত সহজ হয়ে গেছে, ভেবে ভালো লাগছে।অটোরিকশাচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘লাইসেন্স নিয়া গাড়ি চালাই, মিটারে না গিয়া ক্যান ট্রাফিক পুলিশের পা ধরব।’ আবার অনেক যাত্রী অভিযোগ করেন, সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। চালককে রাজি করানোর জন্য রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে হচ্ছে। চালকেরা যাত্রীর মুখের ওপরই বলে দেন, যাবেন না আর গেলেও মিটারে যাবেন না। মিটারে গেলে বাড়তি ২০ টাকা দিতে হবে। যাত্রীদের অভিযোগ, কাছাকাছি কোথাও যেতে চাইলে চালকেরা না যাওয়ার জন্য ‘গ্যাস নাই, গাড়ি জমা দেওয়ার সময় হইছে, অসুস্থতাসহ বিভিন্ন অজুহাত দেখান। চালক মো. দুলাল প্রথম আলোকে বলেন, ‘চালাই সিএনজি, কিন্তু কাছাকাছি মিটারে গেলে রিকশার মতো ২০ থেকে ৩০ টাকা ভাড়া পাই। মালিকের ৬০০ টাকা জমা।’