অটোরিকশায় সন্তান প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসব বেদনা উঠলে স্ত্রী নার্গিস আক্তারকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মিন্টু মোল্লা। সেখানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে রওনা দেন মিন্টু। কিন্তু পথে অটোরিকশাতেই সন্তান প্রসব করেন নার্গিস। গত রোববার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এ ঘটনা ঘটে।

ওই দম্পতির বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছাকাছি হওয়ায় সেখানেই প্রসূতিকে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরশাদ উল্লাহ সেবিকা স্বপ্না ও রওশন আরাকে তাঁর পরামর্শ অনুযায়ী প্রসূতি নার্গিসের ব্যবস্থা নিতে বলেন। তাঁকে স্যালাইন দেওয়া হয়। কিন্তু প্রায় তিন ঘণ্টায়ও সন্তান প্রসব না হওয়ায় তাঁকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন আরএমও। সদরে নেওয়ার পথে ঘিওর উপজেলার সাতবাড়িয়া এলাকায় অটোরিকশাতেই কন্যাসন্তান প্রসব করেন নার্গিস। পরে আশপাশের লোকজনের সহায়তায় মা ও নবজাতককে স্থানীয় রেজাউল হকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় বাড়িতে। বর্তমানে স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে বলে জানান মিন্টু মোল্লা।

জানতে চাইলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আরশাদ উল্লাহ বলেন, মাস খানেক ধরে হাসপাতালটিতে গাইনি বিশেষজ্ঞ নেই। এ কারণে ওই প্রসূতিকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সম্প্রতি তাঁর হাসপাতালে একজন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তিনি যোগদান করবেন।