সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী
অটোরিকশার চাকা থামিয়ে দিল সাবরিনার জীবনঘড়ি

সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা জাহান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সমঞ্চান তৃতীয় বর্ষের ছাত্র আশরাফুল আলম নিহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, বিশ্ববিদ্যালয়ে এখন চলছে সমাজবিজ্ঞান বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সাবরিনা ইতিমধ্যে তিনটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ শনিবার ছিল চতুর্থ পরীক্ষায়। সেই পরীক্ষায় অংশ নেওয়ার আগেই অটোরিকশার চাকা থামিয়ে দিল এই মেধাবী ছাত্রীর জীবনঘড়ি। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সাবরিনা তাঁর বান্ধবী চারুকলা বিভাগের শিক্ষার্থী জীবন নাহারের সঙ্গে রিকশায় করে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে পৌঁছলে রিকশার একটি অংশ (এক্সেল) ভেঙে যায়। এতে তাঁরা দুজন রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সাবরিনাকে চাপা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বান্ধবী রাস্তায় পড়ে সামান্য আহত হন।
বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের হামিদুর রহমানের মেয়ে সাবরিনা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গণরুম ‘উৎসবে’ থাকতেন।

সাবরিনার সঙ্গে গণরুমে থাকতেন সুচিত্রা রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে তাঁর মাংস খাওয়ার ইচ্ছা হলো। তাই তিন দিনের অবরোধ শেষ হলে সকালেই বান্ধবী সুমিকে নিয়ে বেরিয়ে পড়েন বাজার করতে। যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। তিনি বলেন, ‘সাবরিনার অনেক ইচ্ছা ছিল, বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবে। তাঁর স্বপ্ন এভাবে মাঝপথে থেমে যাবে, কোনো দিন ভাবিনি।’
বেলা দুইটায় লাশ নিয়ে আসা হয় রোকেয়া হলে। সেখানে তাঁর প্রথম জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ। বেলা সাড়ে তিনটার দিকে তাঁর লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি কাহালুতে।
সহপাঠীর মৃত্যুর সংবাদে শতাধিক ক্ষুব্ধ শিক্ষার্থী বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী মঞ্জুর আলী, শাহরিয়ার ইমরুল ও স্বপন আহমেদ রাবার বুলেটে বিদ্ধ হন। বেলা দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর যারা গুলি চালিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। ছাত্রী নিহতের বিচারও চাইবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, পার্বতীপুর-দিনাজপুর সড়কের ভবেরবাজারের অদূরে মন্মথপুর রেলস্টেশন মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম (২৮) নিহত হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সমঞ্চান তৃতীয় বর্ষের ছাত্র। পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকার গুলশান নগর মহল্লার স্বর্ণালংকার ব্যবসায়ী জব্বুর আলীর ছেলে তিনি।
দুপুর পৌনে ১২টার দিকে আশরাফুল ভবেরবাজার থেকে মোটরসাইকেলে করে পার্বতীপুর শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।