অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দুজনের মৃত্যু
ঈদে বোনের বাড়ি বেড়াতে এসে গতকাল সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেখা খাতুন নামের এক কিশোরী মারা গেছে। দুপুরে উপজেলার গেটের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া রংপুরের বদরগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে উম্মে সিফা মারিয়া নামে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর (১৭) মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে মুঠোফোনে তোলা ছবি বান্ধবীদের নিয়ে অটোরিকশায় বসে দেখার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ীতে নিহত রেখা খাতুন (১৩) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাঠাব ধুয়াপাড়া গ্রামের আশরাত আলীর মেয়ে। ঈদ উপলক্ষে সে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে এসেছিল। ওই গ্রামের দুলাল হোসেন তার ভগ্নিপতি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা দুইটার দিকে দুলাল হোসেনের বাড়ি থেকে অটোরিকশায় করে অন্যদের সঙ্গে গেটের বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল রেখা খাতুন। অটোরিকশাটি গেটের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে রেখার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জে নিহত উম্মে সিফা মারিয়া বদরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবুজার গাফ্ফারির মেয়ে। বাড়ি পৌরসভার চাঁদকুঠিরডাঙ্গা গ্রামে। তিনি বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
উম্মে সিফা মারিয়ার বান্ধবী ইসমত তামান্না দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় ছিলেন। তাঁর ভাষ্যমতে, তাঁরা ছয় বান্ধবী রোববার বিকেলে অটোরিকশায় করে ভ্রমণে বের হয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিনোদনকেন্দ্র ‘অবসর’-এ গিয়ে মুঠোফোনে কিছু ছবি তোলেন। এরপর তাঁরা বাড়ি ফেরার সময় অটোরিকশায় বসে ওই ছবি মুঠোফোনে দেখতে থাকেন। এ সময় অসাবধানতাবশত ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে গেলে উম্মে সিফা মারিয়া শ্বাসরুদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
ইসমত তামান্না কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা বান্ধবীরা অটোরিকশার ভেতরে সবাই মাথা নিচু করে মোবাইলে তোলা ছবি দেখছিলাম। হঠাৎ উম্মে সিফা মারিয়া আমার কোলে লুটিয়ে পড়ে। কিন্তু কারণ বুঝতে আমাদের একটু দেরি হয়। ততক্ষণে ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে সবকিছু শেষ হয়ে যায়।’