অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের লক্ষ্মীতলা নামক স্থানে গতকাল মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাসুদ রানা (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে বড় সারুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনাজপুর কোতোয়ালি থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে গতকাল সকালে লক্ষ্মীতলা এলাকায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের চালক লুৎফর রহমান (৫৫) ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও ১৪ জন যাত্রী। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলম জানান, মঙ্গলবার সকালে বড় সারুটিয়া এলাকায় ওই সড়কটি পার হওয়ার সময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মাসুদ রানাকে সিএনজিচালিত একটি অটোরিকশা চাপা দেয়। ঘটনাস্থলে রানার মৃত্যু হয়। নিহত রানা বড় সারুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।