অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত
শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় যুঁথি আক্তার (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
যুঁথির বাড়ি উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামে। সে ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১২টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যুঁথিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক এম এ জব্বার যুঁথিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা শেরপুর-শ্রীবরদী সড়ক অবরোধ করে রাখেন ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অটোরিকশাটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।