অটোরিকশার চালক আটক, থানা ঘেরাও শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সোবহানকে আটকে রাখার প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা গতকাল সোমবার ডবলমুরিং থানার সামনে বিক্ষোভ করেছেন। পরে বিক্ষোভের মুখে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।জানা গেছে, ভাড়া নিয়ে বাগিবতণ্ডার জের ধরে একজন পুলিশ কর্মকর্তা ওই চালককে থানা হাজতে আটকে রাখেন।পরিবহন শ্রমিক সূত্র জানায়, ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর আলী গতকাল সকালে সোবহানের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেন। তিনি নগরের চৌমুহনী থেকে মোগলটুলী হয়ে ডবলমুরিং থানা ভবনে ফিরে আসেন। ভাড়া বাবদ তিনি অটোরিকশার চালককে ১০০ টাকার নোট দেন। চালক তাঁকে ৫০ টাকা ফেরত দিলে তিনি বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে সোবহানকে থানা হাজতে আটকে রাখেন সেকান্দর।পরিবহন শ্রমিক আশরাফ হোসেন দাবি করেন, এসআই সেকান্দর যতটুকু পথ ভ্রমণ করেছেন, তাতে মিটারে কমপক্ষে ৪৫-৫০ টাকা ভাড়া ওঠার কথা। সোবহান ১০০ টাকার নোট থেকে ৫০ টাকা ভাড়া কেটে নিলে পুলিশ কর্মকর্তা তাঁকে মারধর করে থানায় আটকে রাখেন। এ জন্য অটোরিকশার চালকেরা থানা ভবনের সামনে বিক্ষোভ করেন।ঘটনা জানতে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও সেকান্দর আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাড়া নিয়ে ঝামেলা হওয়ার কারণে একজন চালককে আটকে রাখা হয়। বিষয়টি আমাদের নজরে এলে আমরা চালক সোবহানকে ছেড়ে দিই। তবে চালক সোবহানের আচরণও ঠিক ছিল না।’