অটোরিকশার চালককে হত্যা করে বাহন নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
উত্তরবঙ্গের মঙ্গা আর খরার কারণে পরিবারটি দুই বেলা দুই মুঠো খাবার খেতে পারত না। অভাবী সংসারের অন্ন জোগানোর জন্য লালমনিরহাট থেকে বছর তিনেক আগে কুমিল্লায় এসেছিলেন সাদেকুল হক (৩০)। শুরুতে রিকশা চালিয়ে বাড়িতে টাকা পাঠাতেন। মাস কয়েক আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শেখেন। এরপর সাদেক অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করছিলেন। মাসে মাসে বাড়িতে টাকা পাঠান। তাঁর টাকায় পরিবারের সদস্যরা কোনো রকমে দুই বেলা ভাত খেতে পারছিল। এখন পরিবারটির সামনে অন্ধকার। উপার্জনক্ষম সাদেককে গত বুধবার রাতে কে বা কারা গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে। একই সঙ্গে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রত্নবতী সড়কের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। এরপর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নিহতের ভাই সায়েদুল হক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।