চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ওপর দুই দফা হামলা চালিয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একাংশ। পরে এ ঘটনায় রড ও লাটিসোঁটা হাতে ছাত্রলীগ ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনা চলাকালীন ক্ষুব্ধ অটোরিকশার চালকেরা ছাত্রলীগের দুই নেতাকে তুলে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ তাঁদের উদ্ধার করে হাটহাজারী থানায় পাঠিয়ে দেয়। এ সময় ছাত্রলীগের নেতাদের সঙ্গে থাকা রডভর্তি কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা দুই অটোরিকশার চালককে মারধর করে টাকা ও মুঠোফোন হাতিয়ে নিলে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে অটোরিকশার চালক নুরুল ইসলামের সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ভিএক্সের (ভার্সিটি এক্সপ্রেস) কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেদের সঙ্গে থাকা রড দিয়ে নুরুল ইসলামকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় আশপাশে থাকা অন্যান্য অটোরিকশার চালকেরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের দুই নেতা রবিউল ও শাফায়েতকে তুলে নিয়ে রেলক্রসিং এলাকায় চলে যান। পরে এই সড়কে যান চলাচলও বন্ধ করে দেন অটোরিকশার চালকেরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চালক ও স্থানীয় লোকজনকে শান্ত করে অবরোধ তুলে দেয় এবং ছাত্রলীগের দুই নেতাকে উদ্ধার করে হাটহাজারী থানায় নিয়ে যায়। এদিকে দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজিত হয়ে শাহজালাল হল থেকে রড ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দিকে যাওয়ার সময় মো. হাসান নামের আরেক অটোরিকশার চালককে একা পেয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছাত্রলীগের কর্মীরা ৮০০ টাকা হাতিয়ে নেন বলে জানান মো. হাসান। ঘটনা জানাজানি হয়ে গেলে এলাকাবাসী লাঠিসোঁটা হাতে এসে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেন। পরে ছাত্রলীগের কর্মীরাও রড ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ ও সহকারী প্রক্টররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার অটোরিকশার চালক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট ভাড়ার কম ভাড়া দিতে চাইলেও আমি তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য রাজি হই। কিন্তু তাদের ব্যাগে লোহার রড আছে জানতে পেরে আমি ভয় পেয়ে যাই। এ জন্য আমি যেতে না চাইলে তারা আমাকে ব্যাগ থেকে রড বের করে মারধর করে। এ সময় তারা আমার মুঠোফোনটিও হাতিয়ে নেয়।’ ঘটনা প্রসঙ্গে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রামবাসীকে বুঝিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের বলেছি শনিবার (আজ) একটি লিখিত অভিযোগ জমা দিতে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’