অটোরিকশার চালকদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ
সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হয়রানি ঠেকাতে মালিক ও চালকদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কয়েকজন সাংসদ অভিযোগ করেন, অটোরিকশা চালকেরা মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন বলেন, মালিক-চালকদের সঙ্গে আলোচনার করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছিল। নতুন ভাড়া নির্ধারণের পরে কিছুদিন সঠিকভাবে মিটারে ভাড়া আদায় করা হয়। কিন্তু এখন আবার আগের মতো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন। মালিকেরা চালকদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন। এ কারণে মালিকদেরও নজরদারির মধ্যে আনার জন্য বলা হয়েছে।
বৈঠকে সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন সবগুলো প্রকল্প সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে কমিটিকে মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে হালনাগাদ তথ্য পাঠানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে কোনো টেকনিক্যাল টিম বিদেশে পাঠানোর আগে তা সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম আউয়াল, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম ও লুৎফুননেসা অংশ নেন।