অটোরিকশার চালকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতুর কাছে অটোরিকশার চালকদের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শেওলা সেতুসংলগ্ন সড়কের পশ্চিম পাশে সিলেট-২০৯৭-এর শ্রমিকেরা সমিতির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। একই সময় একই সড়কের পূর্ব দিকে অটোরিকশা চালক সমিতি চট্টমেট্রো-৭০৭-এর শ্রমিকেরা শোকসভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুছ সালাম। উভয় সভা শুরু হওয়ার আগে দুপুর ১২টার দিকে সাইনবোর্ড টাঙানো নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয় ও সংঘর্ষ ঘটে। এতে প্রায় ৫০ জন আহত হন। আহত ব্যক্তিদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, পরিস্থিতি শান্ত। উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, ফের সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।