অটোরিকশার চালকের খামখেয়ালিতে প্রাণ গেল ৫ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার চালকের খামখেয়ালিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের।

আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা ও বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।


নিহত লোকজন হলো অটোরিকশার যাত্রী মিজানুর রহমান (৪৫), তাঁর স্ত্রী নিলুফা বেগম (৪০), তাঁদের ছেলে জুবাইদুল ইসলাম (০১), ভাতিজা মাহফুজ মিয়া (৩৫) ও মাহফুজের ছেলে মাসুক মিয়া (০৪)। অটোরিকশার যাত্রীদের সবার বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামে।


গুরুতর আহত হয়েছেন মাহফুজের স্ত্রী শিরিনা বেগম (২০), মিজানের চাচা মোহাম্মদ আলী (৬০), তাঁর স্ত্রী জোবেদা বেগম (৫৫) ও অটোরিকশার চালক রোমান মিয়া (৩৫)। রোমান সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার যাত্রীরা আশুগঞ্জ থেকে বুধল গ্রামের বাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি মহাসড়কের বেড়তলা বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি অটোরিকশা হালকা ধাক্কা দেয়। এতে চালকেরা অটোরিকশাগুলো মহাসড়কের ওপর রেখে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া অটোরিকশাটি সরাইল বিশ্বরোড মোড়ের দিকে পালিয়ে যায়। এ সময় দুর্ঘটনার শিকার অটোরিকশার চালক রোমান মিয়া তার অটোরিকশাটি মহাসড়কের ওপর রেখেই পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক সামনের দিক থেকে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অটোরিকশা ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।