অটোরিকশার চালকের লাইসেন্স নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাছিরহাট এলাকায় গত শুক্রবার দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশার চালকের লাইসেন্স নেই বলে জানা গেছে। তিনি কিছুদিন আগেও রিকশা চালাতেন।অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় বাসের চালক মুঠোফোনে কথা বলছিলেন। ওই বাসের এক যাত্রী মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের সবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে বাস ও অটোরিকশার চালক পলাতক।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই অটোরিকশার চালকের নাম কামাল হোসেন (২৮)। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদিউজ্জামানপুর গ্রামে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খুরশিদ আলম গতকাল শনিবার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, একই এলাকার বাদল ভূঁইয়া নামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন কামাল। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই। শুক্রবারের দুর্ঘটনায় ওই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। কামাল নিজেও আহত হয়েছেন।ওই অটোরিকশাটি কামাল চালাতেন—এ তথ্য নিশ্চিত করে রায়গঞ্জের একজন অটোরিকশাচালক বলেন, কামাল কিছুদিন আগেও রিকশা চালাতেন। এরপর তিনি অটোরিকশা চালাতে শুরু করেন।পুলিশ জানিয়েছে, বাস ও অটোরিকশার চালকের পরিচয়ের ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয়। রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেখাবউদ্দিন সেলিম বলেন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় গতকাল ছয়জন অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মো. রিপন, ফরহাদ হোসেন, মো. আজগর, মো. কাউছার, বাহার উদ্দিন ও ফিরোজ আলম।