অটোরিকশার জন্য দৈনিক ১৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি
গাইবান্ধায় অবৈধ সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে প্রতিদিন ১৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি যাচ্ছে বলে জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে। এই পরিমাণ ইউনিটের বিপরীতে বিল দাঁড়ায় এক লাখ নয় হাজার ৯৫০ টাকা। গাইবান্ধা পৌরসভা ও অটোরিকশা মালিক সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার বিভিন্ন সড়কে প্রায় এক হাজার ৫০০ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। গাইবান্ধা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্র জানায়, এক হাজারেরও বেশি অটোরিকশার ব্যাটারি অবৈধ সংযোগ থেকে চার্জ দেওয়া হয়। একটি অটোরিকশায় ১২ ভোল্ট ক্ষমতাসম্পন্ন চার থেকে ছয়টি ব্যাটারি থাকে। প্রতিটি অটোরিকশা চার্জ দিতে দৈনিক ১৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এ হিসাবে এক হাজার অটোরিকশার জন্য দৈনিক ১৫ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বাণিজ্যিক সংযোগের রেট অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাত টাকা ৩৩ পয়সা। অর্থাৎ অটোরিকশার জন্য দৈনিক এক লাখ নয় হাজার ৯৫০ টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর ও শহরসংলগ্ন শতাধিক স্থানে অবৈধ সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। শহরের ব্রিজ রোড, পূর্বপাড়া, ভিএইড রোড, সুখনগর, খানকা শরিফ, সদর উপজেলার খোলাহাটি, আনালেরতারি, হাসেমবাজার, কুমারপাড়া, বালুয়া, ত্রিমোহিনী, বাদিয়াখালী, কুপতলা, লক্ষ্মীপুর এলাকায় অবৈধ সংযোগের সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকায় অটোরিকশা মালিকেরা বিদ্যুৎ কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অটোরিকশার ব্যাটারি চার্জ দেন। সকালে এসব অবৈধ সংযোগ খুলে রাখা হয়। কুমারপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, অটোরিকশার মালিকেরা সন্ধ্যার পর তারে হুক লাগিয়ে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে চার্জ দিচ্ছেন। প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে হুক লাগিয়ে সংযোগ দেওয়ার দৃশ্য তাঁর চোখে পড়ে। গাইবান্ধা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রসেনজিত চক্রবর্তী বলেন, ‘বিদ্যুতের তারে অবৈধভাবে হুক লাগিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগ পেয়েছি। এসব সংযোগ গ্রহণকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’