অটোরিকশার জীবনকাল নিয়ে বিআরটিএ ও মালিকপক্ষের টানাপোড়েন
চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার জীবনকাল (ইকোনমি লাইফ) ১১ বছর নির্ধারণ করায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মালিকপক্ষের টানাপোড়েন শুরু হয়েছে। বিআরটিএ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন কার্যকর করার লক্ষ্যে পুরোনো অটোরিকশার যান চলাচলের বৈধতা (রোড পারমিট) নবায়নে কড়াকড়ি আরোপ করেছে।অন্যদিকে মালিকেরা ইতিমধ্যে অটোরিকশার জীবনকাল ৩০ বছর পর্যন্ত বাড়ানোর দাবিতে নানামুখী তৎপরতা শুরু করেছেন। তাঁরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপকমিশনারকে (যানবাহন) স্মারকলিপি দিয়েছেন। জানা গেছে, সম্প্রতি এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও ঢাকা মহানগরে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার জীবনকাল ১১ বছর নির্ধারণ করেছে। ফলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম মহানগরে চালু রয়েছে এ রকম প্রায় দেড় হাজার অটোরিকশা বন্ধ করে দিতে হবে। এই দেড় হাজার অটোরিকশা উৎপাদিত হয় ২০০২ সালে।জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম মহানগরে ১৩ হাজার অটোরিকশা চলছে। অন্যদিকে বিভিন্ন উপজেলায় চালু রয়েছে প্রায় ১৮ হাজার অটোরিকশা। নগরে ২০০২ সালের আগের কোনো অটোরিকশা চলছে না বলে বিআরটিএ সূত্রে জানা গেছে। বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এস কে বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সৌন্দর্য রক্ষার্থে অটোরিকশার ১১ বছর পর্যন্ত জীবনকাল নির্ধারণ করেছে, সে কারণে আমরা এখন ২০০২ সালের অটোরিকশাকে আগামী ডিসেম্বর পর্যন্ত রোড পারমিট দিচ্ছি। ২০০৩ সালের অটোরিকশাগুলোকে রোড পারমিট দেওয়া হচ্ছে ২০১৪ সাল পর্যন্ত।’ অটোরিকশা মালিক সমিতি এ নিয়ে দেনদরবার করে যাচ্ছে বলে তিনি জানান।চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমাদের অটোরিকশাগুলো এখনো শতভাগ চলাচল-উপযোগী। ঢাকার সঙ্গে আমাদের তুলনা করা উচিত নয়। আমরা ৩০ বছর পর্যন্ত জীবনকাল নির্ধারণের দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।’বিআরটিএ সূত্রে জানা গেছে, যদি অটোরিকশা মালিকেরা পুরোনো গাড়িগুলো ছেড়ে নতুন গাড়ি কেনেন, তাহলে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে রোড পারমিট দেওয়া যেতে পারে। কিন্তু মান্নান বলেন, ‘উপজেলায় যথেষ্ট পরিমাণ অটোরিকশা চলাচল করছে। আমরা পুরোনো গাড়িগুলো কোথায় বিক্রি করব? নতুন গাড়ি কেনার সামর্থ্য সবার নেই।’