অটোরিকশার তথ্যভান্ডার হালনাগাদ হয়নি পাঁচ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের পাঁচ মাস পরও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ডেটাবেইস (তথ্যভান্ডার) হালনাগাদের কাজ শেষ হয়নি। গত বছরের ২০ নভেম্বরের মধ্যে হালনাগাদের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম শহরে চলাচলকারী ১৩ হাজার অটোরিকশার মধ্যে এ পর্যন্ত আট হাজারের তথ্য হালনাগাদ করা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের (যানবাহন) উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘জনবলসংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ে ডেটাবেইস হালনাগাদের কাজ শেষ করার চেষ্টা চলছে।’ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রথম চট্টগ্রাম মহানগরে চলাচলকারী ১৩ হাজার অটোরিকশার মালিক ও চালকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ডেটাবেইস তৈরি করা হয়।জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা চুরি ও অটোরিকশার মাধ্যমে ছিনতাইসহ নানা অপরাধ বন্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন (ট্রাফিক) বিভাগ গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে চালক ও মালিকদের ডেটাবেইস হালনাগাদের কাজ শুরু করে। কারণ, বিভিন্ন সময়ে অটোরিকশার মালিকানা ও চালক পরিবর্তন হওয়ায় পুরোনো ডেটা অনুসরণ করে অপরাধী শনাক্ত করা সম্ভব হয়ে ওঠে না। হালনাগাদ না থাকার কারণে কোনো অটোরিকশা হারিয়ে গেলে বা ওই গাড়ির মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি খুঁজে পাওয়া বা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। তাই এই হালনাগাদের ওপর জোর দেওয়া হয়। তথ্য হালনাগাদ থাকলে অপরাধী চিহ্নিত করা সহজ হবে। এ জন্য দরকার হবে শুধু অটোরিকশার নম্বরটি। জানা যায়, পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে হালনাগাদের ব্যাপারে মালিক ও সমিতির সদস্যদের তাগিদ দেওয়া হয়। তাঁদের অটোরিকশার মালিকানা এবং চালক পরিবর্তন হলে সে তথ্যও জানাতে অনুরোধ করা হয়।