রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রধান দাবি অটোরিকশার বয়সসীমা চার বছর বৃদ্ধি করা হয়েছে৷ তবে কিছু শর্ত দেওয়া হয়েছে, যা পালন করা অসম্ভব। বিআরটিএর চেয়ারম্যান এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। এ জন্য ৯ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারও সরকার মালিক স্বার্থের কাছে নতি স্বীকার করল। এর আগেও মালিকদের ধর্মঘট বা আন্দোলনের হুমকিতে ভাড়া বৃদ্ধিসহ নানা সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছয়টি শর্তে অটোরিকশার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। অটোরিকশার বয়স ১২তম বছরে পড়লে নিজ খরচে ছয় শর্ত পূরণ করে ঢাকার ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রত্যয়নপত্র নিতে হবে।
ছয় শর্তের মধ্যে রয়েছে সম্পূর্ণ ইঞ্জিন ওভারহলিং, বহিঃসজ্জা পরিবর্তন, নতুন করে রং করা, সিএনজির সিলিন্ডার পরীক্ষা করা, সিএনজির জ্বালানি ব্যবস্থা পরীক্ষা করা।
মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার অন্তত পাঁচ হাজার অটোরিকশা একসঙ্গে ১২তম বছরে উন্নীত হবে। একসঙ্গে সব অটোরিকশার ছয় শর্ত পালনের বাধ্যবাধকতা না দিয়ে তা সময় সময়ে করার দাবি জানিয়েছেন মালিকেরা।
এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মালিকপক্ষের একচেটিয়া দাবি মেনে নেওয়ার বিরোধিতা করছে। তারা যাত্রীরা হয়রানির বন্ধের দাবি জানিয়েছে৷