অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত চিকিৎসক ‘লাইফ সাপোর্টে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক সামিনা আকতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত রিকশার আরোহী চিকিৎসক সামিনা আকতারের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের কাজীর দেউড়ি হোটেল রেডিসন ব্লু-এর সামনে দুর্ঘটনায় আহত হন সামিনা। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।

চিকিৎসকেরা জানান, গত রাতে সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তাঁর অবস্থার উন্নতি হয়নি। তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথার আঘাত মারাত্মক। তাঁর বুকের হাড়ও ভেঙে গেছে।

আজ বুধবার দুপুরে সামিনার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হয়েছে। অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক নোমান খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সামিনার মাথায় মারাত্মক আঘাত রয়েছে। এ ধরনের ক্ষেত্রে রোগীকে বাঁচানো কঠিন। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি। তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক সামিনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চিকিৎসক সামিনা রিকশায় করে লালখান বাজারের দিক থেকে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে রিকশাটিকে সজোরে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে রিকশায় থাকা সামিনা ছিটকে রাস্তায় পড়ে যান। তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন আশপাশের লোকজন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামিনাকে দ্রুত হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে ওটিতে নিয়ে গত রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটিকে জব্দ করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে।