অটোরিকশার ধাক্কায় ছাত্রী আহত, সড়ক অবরোধ
ঢাকার সাভারে রাস্তা পারাপারের সময় গতকাল বৃহস্পতিবার বিনু আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও স্থানীয় লোকজন। এ সময় ক্ষুব্ধ লোকজন অটোরিকশাটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
বিনু তেতুলঝোঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। সে তেতুলঝোঁড়া গ্রামের ঝুমুর আলীর মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে বিনু তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলসংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক পার হচ্ছিল। এ সময় সিঙ্গাইরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। এ সময় উপস্থিত লোকজন অটোরিকশাসহ চালক চান শরীফকে আটক করে স্কুল কর্তৃপক্ষের হেফাজতে দেন। এ খবর ছড়িয়ে পড়লে তেতুলঝোঁড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা অটোরিকশাটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।