অটোরিকশার বিরুদ্ধে অভিযান, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরে রিকশাচালক ও মালিকেরা বিক্ষোভ মিছিল করে l প্রথম আলো
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরে রিকশাচালক ও মালিকেরা বিক্ষোভ মিছিল করে l প্রথম আলো

বিকল্প ব্যবস্থা না করেই চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার পর এবার নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে। এতে নগরে যানসংকট দেখা দিয়েছে। বেড়েছে ভোগান্তি।
পুলিশ সূত্র জানায়, নগরে নিবন্ধন-হীন প্রায় ৩ হাজার ২০০ অটোরিকশা রয়েছে। ১ হাজার ২০০ অটোরিকশা উচ্চ আদালতের নির্দেশ নিয়ে চলাচল করছে। বাকি দুই হাজারের বিরুদ্ধে কেবল অভিযান চলছে।
এর আগে গত ২৩ মার্চ থেকে ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ। নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার মিটার ঠিক না করে পুলিশের এই অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। এতে নগর পরিবহনব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযানের কারণে নগরে প্যাডলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থী ও নগরবাসীর স্বার্থের কথা বিবেচনা করে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান আপাতত না চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে নগর পুলিশের উপকমিশনার মাসুদ-উল হাসান বলেন, ‘মন্ত্রী মহোদয়ের নির্দেশনা সম্পর্কে আমরা কিছুই জানি না। হাইকোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা নিবন্ধনহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। দুই দিনে ৩৫টি অটোরিকশা জব্দ করা হয়েছে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাধ্যমিক পরীক্ষা ও সিটি করপোরেশন নির্বাচনের আগে পুলিশের এসব সিদ্ধান্ত আত্মঘাতী। এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না ভাবতে হবে। যানজটের জন্য রাস্তা থেকে অবৈধ পার্কিং উচ্ছেদ করা হচ্ছে কেন?’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে নগরে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি পায়। পুরোনো হওয়ায় চার থেকে পাঁচ হাজার অটোরিকশা এখন রাস্তায় নেই। এর মধ্যে সরকার চট্টগ্রাম ও ঢাকায় আরও নয় হাজার অটোরিকশা চালুর সিদ্ধান্ত নিলে পুরোনো অটোরিকশার মালিকেরা এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন অটোরিকশার নিবন্ধন না দিতে উচ্চ আদালত নির্দেশ দেন।
অনশন: এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালুর দাবিতে প্রতীকী অনশন করেছে রিকশাচালক মালিক ও শ্রমিক লীগ। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে এই অনশন পালিত হয়।
অনশন কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগের নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় হাজারো চালকের পরিবারের সদস্যরা কষ্টে দিনযাপন করছে। মালিক-চালকদের রুটিরুজির কথা বিবেচনা করে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চাই।’