অটোরিকশার ভাড়া নিয়ে বচসা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে শুক্রবার রাতে চালক ও যাত্রীর মধ্যে মারপিটের ঘটনায় সড়ক অবরোধসহ পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে চালক নিজামউলের গাড়িতে আজিজনগর গ্রামের এক যাত্রী রণচন্ডি বাজার থেকে ওঠেন। তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে নেমে চালকের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যাত্রী পাঁচ-সাতজন যুবক নিয়ে চালককে মারপিট করেন। এ ঘটনায় অটোরিকশাচালকের পক্ষের লোকজন ও যাত্রীর লোকজনের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একদল পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হয়ে পুলিশের পিকআপভ্যানে উঠে দ্রুত চলে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রফিকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব-উল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে লোকজনের ওপর লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।