অটোরিকশার ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক
সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ও বয়সসীমা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি না মানলে আগামী ১ এপ্রিল থেকে ৭২ ঘণ্টা ঢাকায় ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন মালিকেরা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে।
২০০১ সালে অটোরিকশা চালুর পর কখনোই নীতিমালা মেনে চলেনি অটোরিকশা। সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়ার কয়েক গুণ আদায় করে আসছে। এ অবস্থায় আবারও ভাড়া বৃদ্ধির লক্ষ্যে কেন ধর্মঘট? এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বলেন, এই খাতে নৈরাজ্য আছে। তবে এখন ভাড়াসহ অন্য দাবি মেনে নিলে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি জানান, ঢাকায় চলাচলরত অটোরিকশার মালিকদের তিনটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে কাল সোমবারের মধ্যে দাবি মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।
মালিকদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে—অটোরিকশার বয়সসীমা ১১ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা, মালিকের জমা ও ভাড়া পুনর্নির্ধারণ, অটোরিকশা প্রতিস্থাপনসংক্রান্ত এর আগে করা যোগাযোগ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা, চালক লাইসেন্স পরীক্ষার নামে অটোরিকশার চালকদের হয়রানি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্যসচিব এ টি এম নাজমুল হাসান।