অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বদলাগাড়ি ইটভাটা এলাকায় গতকাল শনিবার জামাতার অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন শাশুড়ি আয়শা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার নয়ানী সাদেকপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
সাদুল্যাপুর থানা-পুলিশ ও নিহত আয়শার পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আয়শা বেগম বদলাগাড়ি গ্রামে তাঁর জামাতা তোতা মিয়ার বাড়িতে বেড়াতে যান। গতকাল দুপুরে জামাতার অটোরিকশায় তিনি নিজ বাড়ি নয়ানী সাদেকপুর গ্রামে ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে অটোরিকশাটি বদলাগাড়ি এলাকায় পৌঁছালে আয়শা বেগমের ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলা কেটে যায়। পরে গুরুতর অবস্থায় সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক) মামলা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।