অটোরিকশায় চাঁদাবাজি প্রতিবাদে থানা ঘেরাও
সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সাভার থানা ঘেরাও করা হয়। অটোরিকশার মালিক ও চালকেরা এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।অটোরিকশার মালিক ও চালকদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন বাসস্ট্যান্ড এলাকার অন্ধমার্কেটের মোড়ে ২০ টাকা, সিটি সেন্টারের সামনে ২০ টাকা, রেডিও কলোনির মোড়ে ২০ টাকা ও বাজার রোডের মোড়ে ৪০ টাকা চাঁদা আদায় করা হয়। ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের নামে স্থানীয় প্রভাবশালীরা এ চাঁদা আদায় করেন। সূত্রমতে, সাভার পৌর এলাকায় কমপক্ষে ৫০০ অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশা থেকে আদায় করা চাঁদা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সরকারি দলের কতিপয় নেতা ও চাঁদা আদায়কারীরা ভাগ করে নেন। তাঁদের সঙ্গে অটোরিকশার মালিক ও চালকদের কোনো সম্পৃক্ততা নেই।এই চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল বেলা দেড়টার দিকে মূল ফটকের সামনে অটোরিকশা রেখে থানা অবরুদ্ধ করা হয়। এ সময় থানা স্ট্যান্ড থেকে নামাবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশ্বাস পেলে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এসআই সাজ্জাদ বলেন, ‘অটোরিকশা থেকে বেপরোয়া চাঁদাবাজির বিষয়টি আমাদের জানা ছিল না। তা ছাড়া লিখিত কোনো অভিযোগও করা হয়নি। এখন জানলাম, ব্যবস্থা নেওয়া হবে।’