অটোরিকশায় চাঁদাবাজি বন্ধের দাবি চালক ও শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে অটোরিকশা শ্রমিক লীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধের দাবি জানানো হয়েছে। শেরপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো চালক-শ্রমিক ইউনিয়ন গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।

শহরের গৌরীপুর এলাকায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রহমতউল্লাহ।

লিখিত বক্তব্যে মো. রহমতউল্লাহ অভিযোগ করেন, সরকারি নিয়মনীতি মেনে দীর্ঘদিন ধরে শেরপুর জেলার পাঁচ থানা ও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে উপপরিচালনা কমিটির মাধ্যমে তাঁদের সংগঠন কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু শ্রমিকদের এই অনুমোদিত সংগঠন থাকার পরও সম্প্রতি বাংলাদেশ আটোরিকশা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার নাম দিয়ে সংগঠনের কতিপয় ব্যক্তি শহরের কানাসাখোলা রোড ও থানা মোড় এলাকায় শ্রমিক-চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং চাঁদা না দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। ওই সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুই মাস আগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও আজও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এই সংবাদ সম্মেলনের পর চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা না নিলে ২৩ আগস্ট থেকে শেরপুর জেলায় সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো ও তিন চাকাচালিত যান শ্রমিকদের সঙ্গে নিয়ে ধর্মঘট আহ্বান করা হবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি রুকুনুজ্জামান আলমগীর বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। আমাদের প্রতিষ্ঠান শ্রম পরিদপ্তর থেকে নিবন্ধিত। আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য বৈধভাবেই ১০ টাকা করে নিয়ে থাকি। এই টাকা আমরা শ্রমিকদের কল্যাণে খরচ করে থাকি। এ ছাড়া কোনো শ্রমিকের প্রতি অন্যায়-অবিচার বা ভয়ভীতি প্রদর্শনের প্রশ্নই ওঠে না।’

এ বিষয়ে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজি যারাই করুক, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।