অটোরিকশায় ট্রাক চাপা, শিশু নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অটোরিকশায় ট্রাকের চাপায় শ্রাবন্তী নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় শিশুটির মাসহ তিনজন গুরুতর আহত হন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাকুড়ি সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের শুকনাকুড়ি গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী মালা বেগম (২০) মেয়ে শ্রাবন্তীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুর্গাপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। এ সময় শিশুটির মা, অটোরিকশার চালক ও পার্শ্ববর্তী পুকুরিয়াকান্দা গ্রামের চাঁন মিয়া (৫০), যাত্রী সেলিম মিয়া (৪০) ও শুকনাকুড়ি গ্রামের আবুল বাসার (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ওই চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’