অটোরিকশায় বসতেই ট্রাকের ধাক্কা, ঝরে গেল দুই প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজন আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলা সদরের গোডাউনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবদুল সালাম (২৭) ও হিরন (৩০)।

সালাম সাপাহার উপজেলার বাকরইল বিশনাথপুর গ্রামের মাজেদ হোসেনের ছেলে। উপজেলা সদরে সালামের আমের আড়ত রয়েছে।

হিরন ভোলা সদর উপজেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে। তিনি আম কেনাবেচার ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় আমের আড়তে যাওয়ার উদ্দেশ্যে সালাম ও হিরন গোডাউনপাড়া মোড়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশায় উঠে বসতেই নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সালাম ও হিরন মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ট্রাকচালককে আটক করা যায়নি। তবে ট্রাকটিকে থানা-হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।