অটোরিকশায় বসা নিয়ে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশায় বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার স্ট্যান্ডে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বশির আহমদ (২৮), তাঁর পক্ষের নজির আহমদ (৪৫) ও রমজান আলী (৩৫) এবং তাজ উদ্দিন, তাঁর পক্ষের (২৮), ছাইদুর রহমান (৫২), লুকমান মিয়া (১৮), জুবেদা খাতুন (৫৫), পারুল বেগম (৪৫), আনছার মিয়া (২৬), মোহাম্মদ আলী (২৪), হাবিবুর রহমান (৪৫), এবাদ মিয়া (১৮), আরমুছ আলী (৫০), আজির হোসেন (২৫) ও মতিউর আলী (৪৫)। আহত অন্যদের নাম জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় ছত্রিশ গ্রামের ছাইদুর রহমান ও আনছার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাবড়া বাজার স্ট্যান্ডে অটোরিকশার সিটে বসা নিয়ে হাসনাজি গ্রামের বশির আহমদ ও ছত্রিশ গ্রামের তাজউদ্দিনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে লিপ্ত হন। বাজারে এই সংঘর্ষের খবর পেয়ে হাসনাজি, দৌলতপুর ও পাড়ুয়া গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়। তারা হামলা করে ছত্রিশ গ্রামবাসীর ওপর। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে পথচারী, নারী ও উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকার মুরব্বিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।