অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীর আসনে বসা দুই ছিনতাইকারী। অটোরিকশাচালক আরেকজন যাত্রী তোলেন। কিছু পথ গিয়ে সুযোগ বুঝে অটোরিকশা থামে। যাত্রীবেশী দুই ছিনতাইকারী ছোরা দেখিয়ে যাত্রীর টাকা ছিনিয়ে নেয়। গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের জল্লারপাড় এলাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি এভাবে ছিনতাইয়ের শিকার হন।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, নগরের কোর্ট পয়েন্ট থেকে বাসায় ফেরার জন্য অটোরিকশায় ওঠেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মকর্তা রহিজুল ইসলাম। জল্লারপাড় হয়ে যাওয়ার পথে অটোরিকশাটি হঠাৎ থামে। এ সময় রহিজুলের গলায় ছুরি ধরে ছিনতাইকারীরা ১৮ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডিবি পুলিশ তিনজনকেই আটক করে।
আটককৃতরা হচ্ছেন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামের আবদুল হালিম, সিলেটের শাহ পরান এলাকার লক্ষ্মীপুরের অটোরিকশাচালক রকু মিয়া ও দক্ষিণ সুরমার লতিফপুরের জুনেদ মিয়া। ছিনতাইকাজে ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) জাবেদুর রহমান জানান, আটক তিনজনই পেশাদার ছিনতাইকারী।