অটোরিকশায় রমরমা বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজিচালিত অটোরিকশায় মিটারে যাত্রী বহন এবং যাত্রীর চাহিদা মেনে যেকোনো গন্তব্যে যাওয়া—এর কোনোটাই কার্যকর করা যায়নি  ছবি: প্রথম আলো
সিএনজিচালিত অটোরিকশায় মিটারে যাত্রী বহন এবং যাত্রীর চাহিদা মেনে যেকোনো গন্তব্যে যাওয়া—এর কোনোটাই কার্যকর করা যায়নি ছবি: প্রথম আলো

 সরকারের সব সিদ্ধান্ত মালিক-শ্রমিক স্বার্থে
 যাত্রীস্বার্থে কিছুই করা হয়নি
 সরকারের মূল কাজ এখন ভাড়া নির্ধারণ, বাস্তবায়ন নয়
নিজস্ব প্রতিবেদক
সিএনজিচালিত অটোরিকশা খাতে সরকার যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, সবগুলোই মালিকদের স্বার্থে। আইন হচ্ছে—মিটারে যাত্রী বহন এবং যাত্রীর চাহিদা মেনে যেকোনো গন্তব্যে চালক যেতে বাধ্য। কিন্তু যাত্রীদের এই ন্যূনতম অধিকার বাস্তবায়নে সরকারি উদ্যোগ নেই।
বর্তমানে ঢাকায় যে ১২ হাজার সিএনজিচালিত অটোরিকশা আছে, সবগুলোর নয় বছরের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১১ ও ২০১২ সালে। মালিকদের আবেদনের ভিত্তিতে সরকার দুই বছর মেয়াদ বাড়িয়ে বৈধতা দিয়েছে। এর পরও গত ডিসেম্বরে আরও সাড়ে পাঁচ হাজারের মেয়াদ শেষ হয়ে গেছে। মালিকদের আবারও আবেদনের ভিত্তিতে তিন বছর মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সরকার বাণিজ্যিক যানবাহনের ভাড়া নির্ধারণের সময় এর বয়সসীমা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে। নির্ধারিত বয়সের পর কোনো রকম বিনিয়োগ ছাড়া যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর ভাড়া এবং মালিকের জমা কমে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা এর উল্টো।
এ ছাড়া চালু হওয়ার পর মালিক-শ্রমিকদের চাপে বিআরটিএ দুবার অটোরিকশার ভাড়া ও মালিকের জমা বৃদ্ধি করে। দুই দফা জ্বালানির মূল্য বাড়ানোর পরও ভাড়া বৃদ্ধি করেছে বিআরটিএ। অবশ্য এর আগেই চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো দ্বিগুণ-তিন গুণ ভাড়া আদায় করে আসছিলেন।
অটোরিকশায় রমরমা বাণিজ্য: ২০০২ ও ২০০৩ সালে মিশুকের পরিবর্তে অটোরিকশা চালুর সময় তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাসহ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ ওঠে। ২০০৩ সালের পর নতুন করে আর কোনো অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়নি।
একাধিক অটোরিকশা ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা গেছে, নতুন নিবন্ধন বন্ধ থাকার ফলে অটোরিকশার বর্তমান মালিকেরা একচেটিয়া বাণিজ্য করছেন। ২০০২ ও ২০০৩ সালে যেসব অটোরিকশা দুই থেকে তিন লাখ টাকায় কেনা হয়েছিল, নির্ধারিত মেয়াদ পেরিয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি হচ্ছে গড়ে সাত লাখ টাকা করে। খিলগাঁও এলাকার একজন মালিক বলেন, আসলে পুরোনো সিএনজির চেয়ে এর নিবন্ধন নম্বরটির কারণেই দাম বেশি। কারণ, মেয়াদ শেষ হওয়ার পর পুরোনো অটোরিকশাটি বিক্রি কিংবা অকেজো ঘোষণা করে আরেকটি নম্বর পাওয়া যাবে। নতুন নম্বর এবং নতুন অটোরিকশা হলে বাজারমূল্য ১২ লাখ টাকা।
ওই মালিক আরও বলেন, ঢাকায় যেসব অটোরিকশা অকেজো হয়ে গেছে, সেগুলোর পরিবর্তে বিআরটিএ বেশ কিছু নতুন নম্বর দিয়েছে। এগুলো চড়া দামে বিক্রি হচ্ছে।
সুযোগ করে দিয়েছে বিআরটিএ: বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একচেটিয়া ব্যবসা বন্ধে নতুন করে পাঁচ হাজার অটোরিকশা বরাদ্দের উদ্যোগ নেয় যোগাযোগ মন্ত্রণালয়। সিদ্ধান্ত ছিল নতুন অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ করা হবে। আবেদন যাচাই-বাছাই করে পাঁচ হাজার চালক ঠিকও করে বিআরটিএ। কিন্তু মালিক সমিতির পক্ষ থেকে মামলা করার কারণে সেটি আটকে যায়।
ওই পাঁচ হাজার অটোরিকশার বরাদ্দ আটকে থাকার মধ্যেই সরকার ঢাকায় চলাচলরত দুই হাজার ৬৯৬টি মেয়াদোত্তীর্ণ মিশুকের পরিবর্তে সমান সংখ্যক অটোরিকশা বরাদ্দের সিদ্ধান্ত নেয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, মেয়াদোত্তীর্ণ মিশুকের প্রকৃত মালিকেরা আবেদন করতে পারবেন। মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা অমান্য করে পছন্দের লোকদের মধ্যে সিএনজি বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
ইতিমধ্যে ১০০ মিশুক কেটে অকেজো ঘোষণা করে এর পরিবর্তে সমসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিআরটিএ।
বিআরটিএ সূত্র জানায়, প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার আবেদন যাচাই-বাছাইয়ের পর মাত্র ৭৭টি বৈধ আবেদন পাওয়া যায়। অধিকাংশ আবেদনই পড়ে বর্তমানে যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর মালিকদের সংগঠনের নেতাদের। ভুয়া কাগজপত্র জমা দিয়ে একেক জন ১০ থেকে আড়াই শ পর্যন্ত আবেদন করেন। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যুক্ত হয়ে ভুয়া আবেদনকারীদের মধ্যে বরাদ্দের চাপ দিতে থাকে। একপর্যায়ে বিআরটিএ ১০০ মালিকের ভুয়া কাগজের ওপর ভিত্তি করে তা কেটে অকেজো করে।
অভিযোগ রয়েছে, মিশুকের পরিবর্তে অটোরিকশা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আদায় করেন মালিক সমিতির নেতারা। এই প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে একটি শ্রমিক ইউনিয়ন মামলা করলে সেটিও আটকে যায়।