চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফেরিঘাট থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদর পর্যন্ত সড়কপথে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে পরিবহন মালিক শ্রমিকদের দুটি সংগঠন।
চালকদের অভিযোগ, মতলব উত্তর অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং মতলব উত্তর সড়ক পরিবহন মালিক সমিতি নামের দুটি ভুঁইফোড় সংগঠন তাঁদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের চাঁদা নিচ্ছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে নিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ফতেপুর গ্রামের একজন অটোরিকশাচালক বলেন, এ পথে তিন শতাধিক অটোরিকশা, বেশকিছু টেম্পো-বেবিট্যাক্সি চলে। শ্রমিক ইউনিয়নকে প্রতিদিন গাড়িপ্রতি ১০ টাকা এবং মালিক সমিতিকে ২০ টাকা করে চাঁদা দিতে হয়। এ ছাড়া মাসে শ্রমিক ইউনিয়নকে ২০০ টাকা, মালিক সমিতিকে ৬০০ টাকা দিতে হয়। নতুন গাড়ি এ পথে ঢুকলে গাড়িপ্রতি দুই সংগঠনকে ৩০০ টাকা করে দিতে হয়। শ্রমিকদের কল্যাণের নামে চাঁদা তুললেও শ্রমিকদের জন্য কিছুই করেন না তাঁরা। চাঁদার রসিদ কখনো দেয় না। সব টাকা যায় তাঁদের পকেটেই।
অটোরিকশাচালক মো. মানিক বলেন, ‘চাঁদাবাজেরা খুবই প্রভাবশালী। চাঁদা না দিলে তারা চালকদের মারধর করে, হুমকি দেয়। বিষয়টি থানায় জানাইয়াও কাজ অয় নাই। চাঁদার ভাগ নাকি পুলিশও পায়। হেগো দুই গ্রুপের চাঁদা দিতে গিয়া যাত্রীগো কাছ থেইক্কা বেশি ভাড়া নিতে অয়। এ নিয়া যাত্রীদের লগে প্রায়ই তর্ক, হাতাহাতি অয়। রসিদে সংগঠনের নাম, নিবন্ধন নম্বর থাকলেও এগুলা সবই ভুয়া। রসিদ ছাড়াও টাকা আদায় অয়।’
এপথের যাত্রী ঠেটালিয়া গ্রামের মো. লিটন বলেন, ঘাটে ঘাটে চালকেরা সমিতিকে যে চাঁদা দিচ্ছেন, তা উসুল করা হয় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে। ২৫ টাকার ভাড়ার জায়গায় নেয় ৩০-৪০ টাকা। না দিলেই ঝগড়া, ধস্তাধস্তি। মতলব উত্তর উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হযরত আলীর দাবি, তাঁদের সংগঠনটি বৈধ, সরকার অনুমোদিত। শ্রমিকদের কল্যাণ তহবিলের জন্য গাড়িপ্রতি দিনে রসিদের মাধ্যমে ১০ টাকা এবং মাসে ২০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। চালকদের বিপদে-আপদে এই টাকা ব্যয় হয়। সড়ক পরিবহন মালিক সমিতিটি অবৈধ। সমিতির অনেকেরই গাড়ি নেই। গাড়ি ছাড়া মালিক সমিতি করে কীভাবে? এর পরও তারা গাড়িপ্রতি মাসে ৬০০ টাকা এবং দিনে ২০ টাকা করে চাঁদা নেয়। তাদের চাঁদাবাজি বন্ধে থানায় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নান্নু সরকারের দাবি, তাঁদের সংগঠনটি সঠিক। শ্রমিকদেরটি ভুয়া। তাঁর সমিতি স্ট্যান্ড ভাড়া, চালকদের চিকিৎসা খরচ দিচ্ছে। চালক সমিতির চাঁদাবাজির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।