অডিও পাইরেসি বন্ধ হচ্ছে না
দেশের অডিও শিল্প এখন হুমকির মুখে পড়েছে। নকল সিডি ও অবৈধ এমপিথ্রিতে বাজার ছেয়ে গেছে। এতে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত প্রযোজক ও পরিবেশকেরা। অথচ পাইরেসি বন্ধে ইতিমধ্যে হাইকোর্ট বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।অডিও ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোনো মুহূর্তে পুরোপুরি ব্যবসা বন্ধ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।জানতে চাইলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, পাইরেসি ঠেকাতে এরই মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্ট্রোলার অব লাইসেন্স এ বিষয়টি দেখভাল করছে।ব্যবসায়ীরা জানান, সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, পরিচালক ও প্রযোজক এবং চলচ্চিত্র কলাকুশলীদের অডিও এবং ভিডিও শিল্পকর্মের পাইরেসি (নকল) বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ১৭ আগস্ট নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালত এসব শিল্পকর্মের পাইরেটেড অডিও এবং ভিডিও কপি জব্দেরও নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছুতেই এ অবৈধ তত্পরতাকে দমানো যাচ্ছে না। তাঁরা বলছেন, অডিও ব্যবসায়ীদের সংগঠন এমআইবি (মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) র্যাব-পুলিশের সহযোগিতা নিয়ে গত ছয় মাসে পাইরেসি বন্ধে অনেক অভিযান চালিয়েছিল। তাতেও কোনো প্রতিকার আসেনি।রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিং মল ও নাহার প্লাজা মার্কেট থেকে সম্প্রতি ৩৩ হাজার নকল সিডি উদ্ধার করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, র্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের সময় বিপুল সংখ্যক নকল সিডি-ডিভিডি, কপিয়ার মেশিনসহ বাজারজাতকরণের নানা সামগ্রী জব্দ করা হয়।সূত্র জানায়, কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র ঢাকায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। চক্রটি ব্যান্ড মিউজিকের সদ্য মুক্তি পাওয়া সিডিগুলোকে ‘এমপিথ্রি’ বানিয়ে বাজারজাত করে। একসঙ্গে ১০ বা ১২টি অ্যালবামের গান প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে এক সিডিতে চোরাইভাবে বাজারজাত করে। এতে যেসব প্রতিষ্ঠান বৈধভাবে বাজারজাত করছে, তারা পড়ছে লোকসানের মুখে।ব্যবসায়ীদের উদ্বেগ: সিডি-ভিসিডির অবৈধ বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রযোজক-পরিচালক-শিল্পী-কুশলীরা। তাঁরা জানান, বাজারে খুব চলছে এমন গানের ক্ষেত্রেও প্রযোজকেরা বলছেন বিক্রি নেই, সব পাইরেসি হয়ে যাচ্ছে।লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘শুধু আমাদেরই নয়, দেশের অডিও-ভিডিও বাজারের ৮০ ভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে অবৈধভাবে। লাখ লাখ টাকা-মেধা-শ্রম বিনিয়োগ করে বাকি ২০ শতাংশ বিক্রি করছেন বৈধ ব্যবসায়ীরা।’ব্যবসায়ীরা বলছেন, পাইরেসির সর্বোচ্চ নিয়ামক হিসেবে কাজ করছে নন-ব্র্যান্ডের, ট্যাক্সবিহীন, নিম্নমানের সিডি-ডিভিডি। কম্পিউটার যন্ত্রাংশ হিসেবে রেয়াতি সুবিধায় এগুলো আমদানি করা হচ্ছে। কিন্তু ব্যবহার করা হচ্ছে অবৈধ কাজের জন্য। অডিও প্রযোজকেরা দাবি করছেন, দেশের চলমান নন-ব্র্যান্ডের এসব সিডির মোট ২০ ভাগ ব্যবহূত হয় তথ্যপ্রযুক্তির কাজে, আর বাকি ৮০ ভাগ ব্যবহূত হয় গান, নাটক, সিনেমা, এমপিথ্রি, বিদেশি ছবি এবং পর্নোগ্রাফির অবৈধ কপি তৈরিতে।সংগীতশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, একটি নকল সিডি কিনলে এর লাভের অংশ পুরোটা চলে যায় অসাধু ব্যবসায়ীর হাতে। এতে প্রযোজনা প্রতিষ্ঠান পুঁজি হারিয়ে ফেলে।একই অভিমত দিয়েছেন সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ। তিনি বলেন, বাজারে এখন যে পরিস্থিতি তাতে ব্যবসা করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।পাইরেসি বন্ধে আন্দোলন: ২০০০ সালের কপিরাইট আইনের ৮২ ধারা অনুযায়ী নকল সিডি বাজেয়াপ্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ২০০৮ সালে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও পাইরেসি বন্ধ হয়নি।তবে বর্তমানে পাইরেসি বন্ধ করতে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি যৌথভাবে পাইরেসির বিরুদ্ধে কঠোর নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। এ নিয়ে তথ্য, সংস্কৃতি, স্বরাষ্ট্র, বাণিজ্যসহ সাত মন্ত্রণালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিবদের সভাও হয়েছে। সভায় পাইরেসি বন্ধে একটি কঠোর আইন তৈরির কথাও বলা হয়েছে।কপিরাইট আইনের প্রয়োগ নেই: অডিও ব্যবসায়ীরা জানান, অপরাধীকে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা জরিমানাসহ ছয় মাস থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশে কপিরাইট আইন হয় ২০০০ সালে। কপিরাইট আইনে বেশ কিছু মামলাও হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনোটিরই রায় হয়নি। এ আইনে বলা হয়েছে, সিডি, ভিসিডি কিংবা চলচ্চিত্রের একটি কপি জমা দিয়ে নিবন্ধন করতে হবে আগারগাঁওয়ের কপিরাইট অফিসে গিয়ে। তবে ব্যবসায়ীদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সাধারণত নিবন্ধন করেন না। অভিযোগ আছে, সিঙ্গাপুর থেকে বেশ কিছু অপটিক্যাল ডিস্ক প্লান্ট (সিডি কপি করার প্রযুক্তি) চোরাইপথে বাংলাদেশে আমদানি করা হয়েছে। নকল ও অবৈধ সিডি তৈরি হচ্ছে এসব প্রতিষ্ঠানে।যোগাযোগ করা হলে কপিরাইট রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান বলেন, সৃষ্টিশীল নতুন পণ্য নিবন্ধন করতে হবে। তাহলেই পাইরেসি বন্ধ করা যাবে। তিনি বলেন, ‘২০১৩ সালের মধ্যে দেশ থেকে পুরোপুরি পাইরেসি নির্মূল করতে পারব বলে আশা করি।’