অডিও ফাঁসের ঘটনায় তথ্যমন্ত্রীর বিচার দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপের অডিও প্রকাশের ঘটনায় তথ্যমন্ত্রীর বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করছে গণতন্ত্রবিরোধী।

গণমাধ্যম শীর্ষক আলোচনা হলেও গোলটেবিল আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় ফরহাদ মজহারকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এ সময় ফরহাদ মজহার কিছু গণমাধ্যমের বিরুদ্ধে তাঁকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগ আবারও তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বর্তমান সরকারের আমলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার, মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। ফোনালাপের অডিও প্রচারের ঘটনায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বিচার দাবি করেন তাঁরা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যেসব সংবাদমাধ্যমে হামলা হয়েছে, সেগুলো তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি বন্ধ গণমাধ্যম চালু করারও দাবি জানানো হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘দেশ আজ ক্রান্তিলগ্নে। অনিশ্চয়তার কালো মেঘ আমাদের ঢেকে রেখেছে। দুই নেত্রী নিজস্ব ফর্মুলা নিয়ে অটল রয়েছেন বলে দেশের সংকট সমাধানের কোন পথ দেখা যাচ্ছে না।’ ভবিষ্যতে এই সংকট আরও তীব্রতর হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন,  বিরোধী মত সহ্য করার মতো ক্ষমতা কখনোই আওয়ামী লীগের ছিল না, এখনো নেই। সরকারের গণবিরোধী কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর জন্য যত ধরনের উপায় রয়েছে, সবই ব্যবহার করার ওপর গুরুত্ব দেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, সংঘাত প্রধানমন্ত্রীই তৈরি করেছেন। প্রধানমন্ত্রী সরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রীর সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার ফোনালাপ প্রকাশ করে তথ্যমন্ত্রী তথ্য আইনে অপরাধ করেছেন। তাঁর বিচার হওয়া উচিত। তিনি বলেন, ‘দিগন্ত টিভিতে টক শো করে এবং নয়াদিগন্তে লিখে আমি রাজাকার হয়ে গেছি। দেশের মানুষের প্রয়োজনে রাজাকার হতেও আমার আপত্তি নেই।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম প্রশ্ন করে বলেন, স্কাইপ সংলাপ প্রকাশ করে মাহমুদুর রহমান যদি জেলে যেতে পারেন, ফোনালাপ প্রকাশ করে প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী কীভাবে বাইরে থাকেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু গণমাধ্যম-মালিক নির্লজ্জের মতো পক্ষপাতিত্ব করছেন। তাঁদের কারণেই সাংবাদিক সমাজ আজ বিভক্ত ।

ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, কবি আল মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জামায়াতের নেতা আবদুর রাজ্জাক, সাংবাদিক শফিক রেহমান, আবুল আসাদ, মাহফুজ উল্লাহ, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, তুহিন মালিক প্রমুখ।