অডিও বার্তাটি জাওয়াহিরির: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

কোনো গোয়েন্দা সংস্থা বা আল-কায়েদার পক্ষ থেকে স্বীকার না করলেও সম্প্রতি আলোচিত অডিও বার্তাটি আয়মান আল-জাওয়াহিরিরই বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ কথা জানান।

সম্প্রতি বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল-কায়েদার কথিত একটি অডিও বার্তা প্রচার হলে তা নিয়ে সংসদে আলোচনা হয়। গত রোববার সরকারি দল এর সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ আনে।

এর পরদিন গতকাল সোমবার আল-কায়েদার অডিও বার্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। সেখানে আল-কায়েদার হুমকির কথা বলে যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই সরকারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যত দূর জানি অডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে বেরিয়েছে। আমি মনে করি, এটা আল-কায়েদার পক্ষ থেকে জাওয়াহিরি দিয়েছেন।’

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গি কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত। তাদের কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হয়েছে। আমাদের ধারণা এখনো আল-কায়েদার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও নেওয়া হবে।’

‘উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব পদ রক্ষার জন্য নানা ধরনের কথা বলছেন। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সব সময় এমন করা হয়। গত সিটি করপোরেশন নির্বাচনেও এটা করা হয়েছিল।’

যুক্তরাষ্ট্রকে খুশি করতে আল-কায়েদার সঙ্গে বিএনপিকে জড়ানো হয়েছে, মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘নিজেদের সমালোচনা না করে বিএনপি বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছে। জঙ্গিবাদ দমনে দুই দেশ একযোগে কাজ করছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এক ও অভিন্ন। দেশটির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। প্রয়োজনে আপনারা তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।