অড্রের ছবিতে লাভবান বাংলাদেশ

নানা সময়ে বিভিন্ন দিবস, বিখ্যাত কারও জন্মদিন কিংবা নানা আয়োজনে সার্চ ইঞ্জিন গুগলের ডুডল (লোগো) পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে৷
তবে গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে যাঁরা গুগল দেখেছেন, তাঁরা ডুডলে সত্যিকার অর্থেই আলাদা কিছুর ছোঁয়া পেয়েছেন৷ সেদিন ডুডল হিসেবে ছিল ‘ব্যাক টু দ্য মাদার নেচার’ নামের একটি ছবি৷ সারা বিশ্বের প্রাকৃতিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া কীভাবে সম্ভব, সেটিই এ ডুডলে তুলে ধরা হয়৷ খবরটি বাংলাদেশি স্কুলশিক্ষার্থীদের জন্যও আনন্দের, এক অর্থে অর্জনও৷ কারণ, ১১ বছর বয়সী চীনা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শিশু অড্রে ঝাংয়ের আঁকা এই ডুডলটির পরিকল্পনা বাস্তবায়ন হবে বাংলাদেশে৷ এ জন্য বাংলাদেশ পাবে ২০ হাজার ডলার৷ এই অর্থ স্কুলশিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহে খরচ হবে৷
অড্রে ঝাং নিউইয়র্কের লেভিট্যন শহরের আইল্যান্ড ট্রিস মেমোরিয়াল মিডল স্কুলের পঞ্চম শ্রেিণর শিক্ষার্থী৷ তার আঁকা এ ছবিটি গুগল আয়োজিত ‘সপ্তম বার্ষিক ডুডল-ফোর গুগল ২০১৪’ প্রতিযোগিতায় সেরা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব ১২ বছর বয়সীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন অঙ্গরাজ্যের লক্ষাধিক প্রতিযোগী৷ আগ্রহীরা এই লিংকে (http://goo.gl/GdyITc) ছবিটি দেখতে পাবেন৷
পুরস্কার হিসেবে সব মিলিয়ে ৮০ হাজার ডলার পেয়েছে অড্রে৷ এর মধ্যে ৩০ হাজার ডলার কলেজ বৃত্তি এবং প্রযুক্তিবিষয়ক শিক্ষার জন্য ৫০ হাজার ডলার খরচ করতে পারবে সে৷ এর বাইরে অড্রের বিশেষ এ চিন্তার কথা বিবেচনায় এনে এবং এ চিন্তাকে বাস্তবে রূপ দিতে গুগল ডট অর্গের পক্ষ থেকে ২০ হাজার ডলার দেওয়া হচ্ছে৷ এই ২০ হাজার ডলার দাতব্য সংস্থার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ের বিশুদ্ধ পানি সরবরাহে খরচ করা হবে৷

এ বিষয়ে গতকাল মঙ্গলবার টেলিফোনে অড্রের সঙ্গে যোগাযোগ করা হয়৷ নিজের এমন ভাবনা সম্পর্কে প্রথম আলোকে সে জানায়, ‘পানি পরিশোধন করে বিশুদ্ধ পানি তৈরির এমন একটি পদ্ধতি আমি দেখিয়েছি, যার মাধ্যমে নদী, লেক কিংবা সমুদ্র থেকে নোংরা ও খারাপ পানি সংগ্রহ করে সেটি নিরাপদ ও বিশুদ্ধ পানিতে রূপান্তরিত করা সম্ভব৷’ এত বিষয় থাকতে বিশুদ্ধ পানি তৈরির এমন চিন্তা কেন? এমন প্রশ্নে অড্রে জানায়, ‘আমি জানতে পারি, সারা বিশ্বের লক্ষাধিক মানুষ বিশুদ্ধ পানির অভাবে মারা যাচ্ছে, বিশেষ করে শিশুরা। সে চিন্তা থেকেই পানিশোধনের এমন চিন্তা৷’ এ চিন্তা বাস্তবায়নে বাংলাদেশ কেন, জানতে চাইলে অড্রে বলে, ‘আমি যখন এ চিন্তা নিয়ে কাজ করেছি, তখন পানিবিষয়ক একটি দাতব্য সংস্থার মাধ্যমে বাংলাদেশের কথা জানতে পারি৷ বাংলাদেশে আমার মতো স্কুলশিক্ষার্থীদের কথা ভেবেই আমার প্রকল্পটি বাস্তবায়নের চিন্তা করি৷’
প্রাথমিক পর্যায়ে কীভাবে প্রাকৃতি সুবিধাকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়, সে বিষয়টি নিয়েই একটি প্রকল্পের বিস্তারিত গুগলে জমা দেয় অড্রে৷ সে মডেলটি ছিল কাগজে আঁকা৷ ফলাফল যখন তৈরি, তখনই আরও কিছু ভাবনা থেকেই শীর্ষস্থানীয় প্রতিযোগীদের গুগল কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর মধ্যে অড্রেকেও ডাকা হয়। কাগজের ছবিকে বিশেষ অ্যানিমেশনে রূপ দিতে তাকে যুক্ত করা হয় গুগলের অ্যানিমেশন দলের সঙ্গে৷ অ্যানিমেশন নিয়ে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না অড্রের৷ কিন্তু গুগলের সহযোগিতায় অ্যানিমেটর এবং পরিচালক হিসেবেই নিজের আঁকা ছবিকে অ্যানিমেশনে রূপান্তর করে সে৷
২০১২ সাল থেকেই গুগলের এ ডুডল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অড্রে। এর মধ্যে তিনবার চূড়ান্ত পর্যায় পর্যন্ত সে উত্তীর্ণ হয়৷ সবশেষে এবার অড্রের আঁকা ডুডলই এক দিন ছিল গুগলে।
মেয়ের এমন সফলতায় উচ্ছ্বসিত মা হোংমেইল ওয়েং প্রথম আলোকে বলেন, ‘আমি দারুণ খুশি৷ এর মাধ্যমে অড্রে সত্যিকার অর্থেই কিছু মানুষ, বিশেষ করে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের সাহায্য করতে পারবে৷ আমরা আশা করছি, এর মাধ্যমে শিশুরা বিশুদ্ধ পানি এবং নিরাপদ জীবন পাবে৷’
বিজয়ীদের বক্তব্য এবং নির্বাচিত কিছু ডুডল নিয়ে গুগলের তৈরি ভিডি দেখা যাবে http://goo.gl/Saq0aE ঠিকানায়৷