অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে একটি অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত দিতে নিয়োগ কমিটির কাছে সিন্ডিকেটের একাধিক তাগিদেও কাজ হয়নি। শনিবার রাতে সিন্ডিকেটের সভায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে বলেও সভা সূত্রে জানা যায়। অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর বিভাগের একজন সহকারী ও দুজন প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর বিভাগীয় নিয়োগ কমিটি বিজ্ঞাপনের অতিরিক্ত একজন প্রভাষকসহ মোট চারজনকে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু বিভাগের শৃঙ্খলা ও উন্নয়ন কমিটি অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগের বিষয়ে দ্বিমত পোষণ করে। তবে সিন্ডিকেট অতিরিক্ত পদে সুপারিশ পাওয়া প্রার্থীকে অন্য প্রভাষক প্রার্থীদের চেয়ে যোগ্য মনে করায় দুইবার এ বিষয়ে মতামতের জন্য নিয়োগ কমিটিতে পাঠায়। কিন্তু কমিটি মত না পাল্টালে শনিবার তৃতীয়বারের মতো বিষয়টি তাদের কাছে পাঠানো হয়। শনিবার রাতে উপাচার্যের সভাপতিত্বে শিক্ষক নিয়োগ বিষয়ে সিন্ডিকেট সভা বসে। কয়েকজন সদস্য জানান, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের বিষয় এজেন্ডায় না থাকলেও সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বিষয়টি প্রথমেই উত্থাপনের চেষ্টা করেন। উপাচার্য এ বিষয়ে পরে আলোচনার কথা বললে সহ-উপাচার্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। সভার একপর্যায়ে সিন্ডিকেট মতামতের জন্য আবার তা নিয়োগ কমিটির কাছে পাঠায়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অণুজীববিজ্ঞান বিভাগের শৃঙ্খলা ও উন্নয়ন কমিটি অতিরিক্ত একটি পদে নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবার নিয়োগ কমিটির মতামত চেয়েছে সিন্ডিকেট। বাগিবতণ্ডার বিষয়ে উপাচার্য কোনো মন্তব্য করেননি। এ প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষক-সংকটের কারণে ঠিকমতো ক্লাস নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী নিয়োগ কমিটির সুপারিশের বিষয়ে সিন্ডিকেট দ্বিমত পোষণ করলে তা নিয়ে সিদ্ধান্তের জন্য আচার্যের কাছে পাঠাতে হবে। আবার মতামতের জন্য নিয়োগ কমিটির কাছে পাঠানোর কোনো নিয়ম নেই। সহ-উপাচার্য এ বিষয়ে প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।