অতঃপর...
ছেলে ভারতের, মেয়ে বাংলাদেশের। সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয়। এরপর দিনে দিনে সম্পর্ক বাড়ে। ছেলেটি ভারতের একটি ব্যাংকের কর্মী। মেয়েটি চট্টগ্রামের হাটহাজারীর একটি কলেজের ছাত্রী। গত শনিবার বাংলাদেশে ছুটে আসেন ভারতীয় যুবকটি। দেখা করেন মেয়েটির সঙ্গে। এরপরই উটকো ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। গতকাল রোববার বিকেলে দুজনকে যেতে হয় হাটহাজারী থানায়।
পুলিশ জানায়, গত ৯ মার্চ বাড়ি থেকে বের হয়ে এক পরিচিত লোকের বাসায় ওঠেন ওই কলেজছাত্রী। কিন্তু ওই ব্যক্তি বিষয়টি ছাত্রীর পরিবারের কাছে গোপন রাখেন। কোথাও মেয়েকে খুঁজে না পেয়ে ছাত্রীর পরিবার থানায় জিডি করে। গত শনিবার ওই ব্যক্তির বাসাতেই ছেলেটি দেখা করেন মেয়েটির সঙ্গে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, মেয়েটির পরিবার ছেলটির সঙ্গে সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছে। তাই মেয়েটিকে তাঁর অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে। ছেলেটিকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হবে।