অতর্কিত অভিযান পরে দুঃখিত ডিবি!
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল শনিবার একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে অতর্কিত অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ‘দুঃখিত’ বলে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয় থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও জানা গেছে।
‘রাজ কামাল এভারবেস্ট করপোরেশন লিমিটেড’ নামের কোম্পানিটি যাত্রাবাড়ীর রায়েরবাগে অবস্থিত। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠানটি শতভাগ কৃষিজাত পণ্য রপ্তানিমুখী। গতকাল দুপুর ১২টার দিকে হঠাৎ ডিবির পোশাক পরা কয়েকজন তাঁর প্রতিষ্ঠানে অতর্কিত অভিযান চালান। তাঁরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে পণ্য উৎপাদনের কাগজ দেখতে চান। কাগজ দেখানোর আগেই হঠাৎ করেই প্রতিষ্ঠানের চার কর্মকর্তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে ফেলেন তাঁরা। মাঝপথে আটক এক কর্মকর্তাকে দিয়ে ফোন করিয়ে তাঁকে (মোস্তফা কামাল) ডিবি কার্যালয়ে যেতে বলা হয়।
মোস্তফা কামাল বলেন, তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিবি কার্যালয়ে যান। সেখানে সব কাগজ দেখানোর পর ডিবি কর্মকর্তারা তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন এবং আটক চারজনকে ছেড়ে দেন।
মোস্তফা আরও বলেন, ‘কোনো ধরনের অভিযোগ বা প্রমাণ ছাড়া এভাবে ধরে নিয়ে যাওয়ায় মারাত্মক দুশ্চিন্তায় পড়েছিলাম।’
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি দেখছি।’