যশোর থেকে মনিরামপুর। দূরত্ব ১৫ কিলোমিটার। গতকাল শনিবার বেলা ১১টায় মনিরামপুর থানার মোড়ে মোটরসাইকেল থেকে নামতেই শোনা গেল বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের ছাদে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে। সেখানেই বাজানো হচ্ছে মাইক। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। সমাবেশস্থলে গুটি কয়েক মানুষ।
সারা দেশে জামায়াত-শিবিরের অব্যাহত নাশকতার প্রতিবাদে এই কর্মসূচি, জানালেন মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলাউদ্দিন। তবে আতঙ্কের কথাও জানালেন তিনি। মাত্র এক দিন আগে গত বৃহস্পতিবার উপজেলা কৃষক লীগের সভাপতি শফি কামাল খুন হন খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামে। বললেন, মনিরামপুরের ১৭টি ইউনিয়নের ১০টিতেই জামায়াতের রয়েছে একাধিপত্য।
স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় হওয়ার পর থেকে ইউনিয়নগুলোতে নাশকতা চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবির। যৌথ বাহিনীর অভিযানের পর নাশকতা কমলেও অতর্কিত হামলা হচ্ছে। তাঁরা মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে তাণ্ডব চালিয়ে ত্যাগ করছে ওই এলাকা। গত ১০ মাসে উপজেলায় নিহত হয়েছেন মোট আটজন। এঁদের মধ্যে তিনজনই জামায়াত-শিবিরের হামলায় নিহত হন।
জামায়াত-শিবিরের অতর্কিত হামলার শিকার হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন নিজেও। তিনি বলেন, ‘দেড় মাস ধরে এই থানার দায়িত্বে আছি। এই সময়ে দুই দফা হামলার শিকার হয়ে আহত হয়েছি। তবে পরিস্থিতির উন্নতি ঘটছে। সর্বশেষ খুনের ঘটনাটি খুবই আকস্মিক।’
সমাবেশস্থলে কথা হয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম আবদুর রহিমের সঙ্গে। তাঁর গ্রামের বাড়ি ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে। হরতাল ও অবরোধে উপজেলার ২০-২২টি এলাকা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, তার একটি এই জয়পুর। ১ মার্চের পর এমন কোনো দিন নেই যে সেখানে সহিংসতা হয়নি।
রহিম নিজে হামলার শিকার হন ১৬ মার্চ রাতে। নিজ বাড়ির উঠানে অতর্কিত ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসী দল হামলা করে। কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায় তারা। অন্ধকারে কারোর মুখ দেখতে না পেলেও কণ্ঠ শুনে তিনি জামাত আলী, আনাম ও আনোয়ারকে চিনতে পারেন। তাঁরা জামায়াত-শিবিরেরকর্মী। সাত দিন সংজ্ঞাহীন ছিলেন তিনি।
ওই ঘটনার পর থেকে রহিম এক দিনের জন্যও গ্রামে যেতে পারেননি। তাঁর কাছ থেকেই ঢাকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আলী হোসেন ও যুবলীগ সভাপতি আবদুল মান্নানের ঠিকানা পাওয়া গেল। তাঁরাও বাড়িছাড়া। আশ্রয় নিয়েছেন মনিরামপুর উপজেলা সদরে। এঁদের মধ্যে হোসেনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। মান্নানকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে। দুটি ঘটনাই ২২ মার্চের।
জানা গেল, ২২ মার্চ ভোরে পুলিশ জয়পুরে গিয়েছিল মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে। পুলিশ ফজলুর রহমানের বাড়িতে হানা দিলে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে প্রচার শুরু হয়। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উসকানিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। গুলিবিদ্ধ হয়ে ইটভাটার শ্রমিক আনিছুর রহমান (২২) নিহত হন। গুলিবিদ্ধ হন নারী-পুরুষ ও পুলিশও। মোট আহত হন ৩৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে শিবিরের পাঁচ কর্মীকে। ওই ঘটনার পর যৌথ বাহিনীর অভিযান শুরুর আগ পর্যন্ত পুলিশ জয়পুরে আর ঢুকতে পারেনি।
ওই দিন সকাল সাতটার দিকে চার শতাধিক জামায়াত-শিবিরের কর্মী লোহার রড, শাবল, কুড়াল ও লাঠি এবং পেট্রলভর্তি বোতল ও গান পাউডার নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তাঁরা ৭১টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। পিটিয়ে যুবলীগের নেতা মান্নানসহ ১৫ জনকে জখম করে।
তাণ্ডবে বাড়িঘরছাড়া জয়পুর ও পার্শ্ববর্তী চান্দুয়া-সমষকাটি গ্রামের মানুষের জন্য মণিরামপুরের দুর্গাপুরে আশ্রয়শিবির খোলা হয়েছিল। আলী হোসেন জানান, তিনি নিজেও সেখানে আশ্রয় নেন। সেখানে দুদিন কাটিয়ে চলে যান ঢাকায়। পরে বরিশাল ও খুলনা হয়ে ৫ ডিসেম্বর মনিরামপুর শহরে ফেরেন। বর্তমানে শহরের একটি ভাড়াবাড়িতে থাকছেন তিনি।
জয়পুরের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পাড়িয়ালী, গোপালপুর, চালকিডাঙ্গা, বেগারীতলা ও চিনাটোলা এলাকায়। এসব এলাকায় জামায়াত-শিবিরের প্রাধান্য রয়েছে। সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো গা-ঢাকা দিয়ে আছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান জানান, জামায়াত-শিবিরের হামলায় মার্চ থেকে এ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি অসিত কুমার মজুমদার, শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ইউনুস আলী, ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার কুণ্ডুু, আওয়ামী লীগের কর্মী নাজমুল ইসলাম, সনৎ মণ্ডল, আহাদ আলীসহ দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষ গুরুতর আহত হন।
২৫ অক্টোবর সকালে শতাধিক জামায়াত-শিবিরের কর্মী হেলমেট পরে উপজেলা সদরে অতর্কিত হামলা চালিয়ে ছয়টি বাড়ি এবং ১৫-২০টি দোকান ভাঙচুর করেন। ভাঙচুর করা বাড়িগুলোর একটির মালিক আদম আলী। তিনি জানান, সেদিন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ফাটানো হয় ২৫-৩০টি ককটেল। সোনালী ব্যাংকের কার্যালয়ের সামনেও একটি ককটেল ফাটানো হয়।
১৮ দলের অবরোধ চলাকালে গত ৩০ নভেম্বর চালকিডাঙ্গায় যশোর-৫ (মনিরামপুর) আসনের সরকারদলীয় সাংসদ খান টিপু সুলতানও হামলার শিকার হন। ওই দিন যশোর-সাতক্ষীরা সড়কের ওপর অবরোধকারীদের ফেলে রাখা গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি সরানোর সময় জামায়াত-শিবিরের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনসহ ২০ জন আহত হন। হামলা থেকে কোনো রকমে রক্ষা পান খান টিপু সুলতান।
দুটি উপদলে বিভক্ত উপজেলা আওয়ামী লীগের একটি ধারার নেতৃত্বে সাংসদ খান টিপু সুলতান। অন্য ধারাটি চলছে সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্যের নেতৃত্বে। দুজনই দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টিপু সুলতান। স্বপন ভট্টাচার্য স্বতন্ত্র প্রার্থী।
গতকাল উপজেলা সদরে স্বপন ভট্টাচার্যের দেখা মিললেও টিপু সুলতান ছিলেন শহরের বাইরে মর্শিমনগর ও হরিহরনগর ইউনিয়নে। জানা গেছে, মনিরামপুর পৌরসভা ও চারটি ইউনিয়নের মধ্যেই নির্বাচনী প্রচারণা আটকে আছে। উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে বিএনপি-জামায়াতের সমর্থিত ১৪ জন, আওয়ামী লীগের তিনজন চেয়ারম্যান রয়েছেন। মনিরামপুর পৌরসভার মেয়রও বিএনপি-সমর্থিত।
খান টিপু সুলতানের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েই বৃহস্পতিবার খুন হন কৃষক লীগের নেতা শফি কামাল। গতকাল মনিরামপুর শহরের দোলখোলা মোড়ে শফি কামালের বাড়িতে কথা হয় শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে। তাঁর বড় ছেলে হারুন অর রশীদ জানান, ‘বাবা আমাদের গ্রামের বাড়ি খেদাপাড়ার গরীবপুরে গিয়েছিলেন নির্বাচনী পোস্টার লাগানোর কাজ তত্ত্বাবধান করতে। বিএনপি-জামায়াতের লোকজন বাধা দেওয়ায় তিনি পোস্টার লাগানো বন্ধ রেখে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের পাশে হাঁসুলি দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।’ এ ঘটনায় হারুন ২৬ জনের নামে একটি মামলা করেছেন।
সহিংসতার বিষয়ে জানতে উপজেলার জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।