অতি উ ৎসাহী হয়ে মামলা গ্রামবাসীকে হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে ১৫ সেপ্টেম্বর ইয়াসমিন আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গ্রামবাসীর অভিযোগ, এ ঘটনায় পুলিশ অতি উ ৎসাহী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে তাদের হয়রানি করছে। ওই গৃহবধূর মায়েরও দাবি, তাঁর মেয়ে নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছেন। এখানে কারও প্ররোচনা নেই। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর ওই গ্রামের তিন সন্তানের জননী ইয়াসমিন আক্তার (২৭) তাঁর প্রেমিক কালামের হাত ধরে পালিয়ে যান। স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা শিবপুর উপজেলার পুবেরগাঁও গ্রামে বসবাস করতে থাকেন। সেখান থেকে ইয়াসমিন তাঁর স্বামীর ঠিকানায় তালাকের কাগজপত্র পাঠিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা কালাম ও ইয়াসমিনকে আটক করে উভয়ের পরিবারকে খবর দেয়। পরে তাঁদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি সমাধানের জন্য ১৫ সেপ্টেম্বর বটেশ্বর গ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সালিস বৈঠক করেন। বৈঠকে ইয়াসমিন জনপ্রতিনিধিদের কাছে ঘটনার জন্য অনুতপ্ত হন। বৈঠক শেষ হওয়ার পরপরই ইয়াসমিন ঘরে ফিরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।এর তিন দিন পর ১৮ সেপ্টেম্বর বেলাব থানার পুলিশ বটেশ্বর ও পুবেরগাঁও গ্রামের ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ২০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এর পর দুই গ্রামের লোকজনের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর অভিযোগ, পুলিশ ঘুষ-বাণিজ্যের জন্য উ ৎসাহী হয়ে মামলাটি দায়ের করে তাদের হয়রানি করছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারের পর পুলিশ ঘুষ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে তারা। নিহত গৃহবধূর মা জোহরা বেগম বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুবেরগাঁও গ্রামের লোকজন মেয়েকে তাঁর কাছে ফিরিয়ে দিয়ে অপরাধ করেনি। অথচ পুলিশ তাদের আসামি করে হয়রানি করছে।’ অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ বলেন, পুবেরগাঁও গ্রামে ইয়াসমিন ও কালামকে মারধর করা হয়। এ কারণেই ইয়াসমিন আত্মহত্যা করেছেন। তাই প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, তাঁদের ধারণা ছিল, ঘটনাটি নিয়ে হাইকোর্ট রুল জারি করতে পারেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মামলা করা হয়েছে। মারধর করা হয়েছে কি না, জানতে চাইলে কালাম বলেন, পুবেরগাঁও গ্রামের কেউ তাঁদের মারধর করেনি। তবে তাঁদের তুলে দেওয়ার সময় আত্মীয়স্বজনেরা দু-একটি চড়-থাপড় মারেন।