হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা দাবি করেছেন, ৪ এপ্রিলের হরতালে অতি উৎসাহী কিছু উচ্ছৃঙ্খল কর্মী যানবাহনে ভাঙচুর চালিয়েছে। পাশাপাশি এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরকারি দলের লোকজনের উসকানি ও ষড়যন্ত্র ছিল।ইসলামি আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালে সমর্থন দিয়েছিল হেফাজত ইসলাম। ৪ এপ্রিল হরতাল চলাকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে নির্বিচারে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের নেতারা হরতালের দিন সংঘটিত বিষয় নিয়ে কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক মুসা বিন ইজাহার বলেন, ‘হরতালের মতো কর্মসূচিতে সব কর্মীকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে আবার বহিরাগত কেউ কেউ আমাদের কর্মী সেজে হামলা-ভাঙচুর চালাতে পারে। তবে হরতালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল।’হেফাজত নেতারা অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সরাসরি সম্পৃক্ততা অথবা উসকানি থাকতে পারে। হরতালের সময় হেফাজত কর্মীদের হামলার শিকার হন পুলিশ ও সাংবাদিকেরা। এ জন্য সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা দুঃখ প্রকাশ করেন।আরেক প্রশ্নের জবাবে হেফাজত ইসলামের নেতা আজিজুল হক বলেন, আওয়ামী লীগ যখন লগি-বৈঠা নিয়ে আন্দোলন করেছে, তখন সাংবাদিকেরা এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না। আর ধর্মপ্রাণ মুসলমানেরা করলে জঙ্গি সম্পৃক্ততার কথা তোলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসা বিন ইজাহার বলেন, সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আবার হরতালসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।নারী উন্নয়ন নীতিকে কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হেফাজতের নেতারা অবিলম্বে নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের চট্টগ্রাম শাখার নায়েবে আমির শামসুল আলম, সাধারণ সম্পাদক মইনুদ্দিন।