আদালতে ‘অতি উৎসাহীদের’ রিট আবেদনের কারণে নারায়ণগঞ্জে সাত খুনের মামলার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, অতি উৎসাহীদের কর্মকাণ্ডের কারণে অপরাধীরা সজাগ হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ব্যাঘাত ঘটছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আমরা ব্যবস্থা নিচ্ছি, তখনই কিছু মানুষের অতি উৎসাহী কর্মকাণ্ড এই কার্যক্রমকে ব্যাহত করছে। কথায় কথায় রিট হয়, অর্ডার যায়। যে কাজটি নির্বাহী বিভাগের, আইন-শৃঙ্খলা বাহিনীর করার কথা; সে কাজটি যদি বিচার বিভাগ করে দেয়, তাহলে আমাদের কী করণীয় থাকে? মনে হয় যেন আমাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে—এ রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়।’
গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগ একে অপরের পরিপূরক। কেউ অতি উৎসাহী হয়ে কাজ করলে অসুবিধা হয়৷ কেউ যেন একে অপরের কাজে বাধা সৃষ্টি না করে, সবাইকে এটা বুঝতে হবে।
কারও উৎসাহে নয়, নিজ থেকেই সব করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনিয়ম করলে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও নেব। সে কী, কার আত্মীয়, এটা দেখছি না। যে অন্যায় করবে, তার বিচার হবে।’
নারায়ণগঞ্জের সাত খুনের তদন্ত ও বিচার করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কখনোই অন্যায় প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। সাত খুনে যারা জড়িত, তারা যাবে কোথায়? যে যেখানে থাক, খঁুজে বের করব, শাস্তি দেব৷ কখন, কোন পন্থায় যেতে হবে, কী করতে হবে—আমার ভালোভাবে জানা আছে।’
সাত খুনের মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সাত খুনের শিকার সবাই আওয়ামী লীগের লোক। আসামি যিনি, তিনি বিএনপির সৃষ্টি৷ জাতীয় পার্টিতেও ছিলেন৷ কিছু লোক আছে সব সময় সরকার পার্টি। এরা ক্ষতিকারক৷ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনেককে বের করেছেন তিনি। তাঁরা দলে ঢুকে খাঁটি কর্মীদের হাত-পা-রগ কাটে।
র্যাব বিলুপ্ত করার বিষয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন র্যাব দিয়ে বিএনপি নেত্রী হত্যা করাতেন, তখন ভালো ছিল। অপারেশন ক্লিন হার্টে হত্যা করিয়ে দায়মুক্তি দিয়েছিলেন৷ এখন ব্যবহার করতে পারছেন না৷ এ জন্যই র্যাব বন্ধের কথা বলছেন৷
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান সেনাপ্রধান থাকা অবস্থায় বিচারপতি সায়েমকে সরিয়ে সংবিধান ও সামরিক আইন-বিধি অমান্য করে রাষ্ট্রপতির পদ দখল করেন। জিয়ার শাসনামলে ১৯ বার ক্যু হয়। সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তাকে হত্যা করা হয়। প্রশ্ন আসে, জিয়া যেভাবে করেছে, তাহলে কি পুরো সেনাবাহিনী বাতিল হয়ে যাবে? পুলিশের কারও অপরাধে বাহিনী বিলুপ্ত হবে?
শেখ হাসিনার এই বক্তব্যের পর তাঁর সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়৷ এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন৷
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীও (মায়া) উপস্থিত ছিলেন৷ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় চাকরি থেকে অব্যাহতি পাওয়া র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ তাঁর মেয়ের জামাই। ‘অসুস্থতার’ কারণে মায়া গত সোমবার মিন্ত্রসভার বৈঠকে যাননি৷
সূত্র জানায়, রুদ্ধদ্বার বৈঠক প্রধানমন্ত্রী সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের পরাজয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ কেন পরাজয় হয়েছে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন আবদুল মতিন খসরুকে৷ জবাবে মতিন খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী জ্যেষ্ঠ আইনজীবীদের একটি পক্ষের কারণে হারতে হয়েছে৷ দলীয় যে সব আইনজীবীর বড় বড় চেম্বার আছে, তাদের সহকারিদের অনেকেই ভোট দেননি৷ এ জন্যেই ভরাডুবি হয়েছে৷
বৈঠকে ৭ জুন ছয় দফা দিবস ও ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়৷ ৭ জুন আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা করা হবে৷