মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনা
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গীদের বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না

বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত এক আলোচনায় তিনি এ নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি বৈঠকে তোলেন। এ সময় বিমানবন্দরে সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু অতি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বেআইনিভাবে অনেক লোকজন বিমানবন্দরে ঢুকে পড়ছে। ইতিমধ্যে কোনো কোনো দেশ বিমানবন্দরের নিরাপত্তার প্রশ্ন তুলে ফ্লাইট বাতিলের কথা বলছে।
বৈঠক সূত্র জানায়, কয়েকজন মন্ত্রীও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর বক্তব্য সমর্থন করে বেআইনি অনুপ্রবেশ বন্ধের কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী অবৈধভাবে বিমানবন্দরে কেউ প্রবেশের চেষ্টা করলে বা প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চান না।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর ফলে অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো গাজীপুর ও রংপুরও মহানগর পুলিশ পেতে যাচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রতিটি মেট্রোপলিটন এলাকার আলাদা পুলিশ আছে। এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে। ওই সব এলাকার নাগরিকদের অধিকতর পুলিশি সেবা দেওয়ার জন্যই নতুন আইন করা হচ্ছে।