অতি তারেক-বন্দনা ক্ষতির কারণ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত তারেক-বন্দনা ক্ষতির কারণ হতে পারে। তা ছাড়া তাঁর বন্দনায় কোনো অর্জন হবে না। কোনো কিছু অর্জন করতে হলে সংগ্রাম করতে হবে। তাই এ মুহূর্তে তারেকের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনে সবাইকে সংগ্রাম করতে হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার, তাঁকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তি ও দেশে প্রত্যাবর্তন করতে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের উদ্বোধনের সময় গতকাল মঙ্গলবার বিএনপির নেতারা এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘তারেক রহমান প্রত্যাবর্তন সংগ্রাম কমিটি’ এ গণস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আলোচনারও ব্যবস্থা ছিল। তারেক-বন্দনার ব্যাপারে নেতা-কর্মী-সমর্থকদের সাবধান করে দিলেও বক্তারা নিজেরাই ছিলেন তারেকের প্রশংসায় পঞ্চমুখ।বিএনপির নেতারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যত ‘মিথ্যা অপবাদ’ দেওয়া হয়েছে, তার ৫০ থেকে ৬০ ভাগ দূর হবে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে। এক কোটি স্বাক্ষর সংগ্রহের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘যে কাজটি আমরা প্রবীণেরা করতে পারিনি, ঠিক সেই কাজটি করতে পেরেছিলেন শহীদ জিয়া ও দেশজননী বেগম খালেদা জিয়ার সন্তান তারুণ্যের প্রতীক তারেক রহমান।’দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানকে দেশের ভবিষ্যতের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক ভেবে তাঁকেও হত্যার চেষ্টা চলছে। অমানবিক নির্যাতন চালিয়ে তাঁকে পঙ্গু করা হয়েছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, বন্দনা দিয়ে সাফল্য অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে হলে সংগ্রাম করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।