রাজধানী ঢাকার তিন লাখ ৬০ হাজার অতি দরিদ্র পরিবারকে বিশেষ ছাড়কৃত মূল্যে চাল দেওয়া হবে। প্রত্যেক ওয়ার্ড থেকে বাছাই করা হবে চার হাজার পরিবার। এই তালিকা তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহের শুরুতেই তালিকা সম্পন্ন হবে। প্রত্যেক পরিবার পাবে মাসে ২০ কেজি করে চাল। ঢাকা বাদে অন্য ছয় বিভাগীয় শহরেও ২৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ২৫ টন করে চাল বিক্রি করা হবে। এ সংখ্যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান। খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রমের পর্যালোচনা করা হয় সভায়। খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুন দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমানসহ মন্ত্রণালয় এবং ওএমএস কার্যক্রমের তদারকির দায়িত্বপ্রাপ্ত উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী জানান, রাজধানীর প্রত্যেক আসনের স্থানীয় সাংসদ এবং ৯০টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করেই তালিকা তৈরি করা হচ্ছে। এ জন্য সাংসদদের সঙ্গে খাদ্যমন্ত্রী বৈঠক করেছেন। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গেও শিগগিরই বৈঠক করা হবে বলে জানান তিনি।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি কেজি ২২ টাকা দরে ওএমএসের চাল বিক্রি হচ্ছে। কার্যক্রমটি চলছে রাজধানীসহ চারটি শ্রমঘন এলাকায়। এ সপ্তাহ থেকেই নবগঠিত রংপুর বিভাগসহ দেশের অন্য ছয়টি বিভাগীয় শহরেও ওএমএস চালু করা হচ্ছে।মন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, ঢাকা নগরের অতি দরিদ্র পরিবারগুলো নির্ধারিত মূল্যে প্রতি মাসে ২০ কেজি করে চাল পাবে। ওএমএসের দরের তুলনায় মূল্য কম রাখা হবে। তবে প্রতি মাসেই এ মূল্য পরিবর্তন হতে পারে। খাদ্যমন্ত্রী আরও জানান, রাজধানী ছাড়াও সারা দেশের হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে তালিকা তৈরির নির্ধারিত ছক পাঠানো হয়েছে। তালিকা তৈরির কাজ শেষ হবে শিগগিরই। খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস কার্যক্রমের ফলে বাজারে মোটা চালের মূল্যে প্রভাব পড়তে শুরু করেছে। গত ১৩ দিনে কেজিপ্রতি চালের মূল্য কমেছে দুই টাকা করে। চালের মূল্য সহনীয় ও স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি জানান, ওএমএস কার্যক্রমে ১২৪টি ট্রাকে করে চাল বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাকের সংখ্যা বাড়ানো হবে। বুধবার ৮১টি ট্রাকে করে চাল বিক্রি করা হয়। মহানগরে এ পর্যন্ত ১৯৬ জন ডিলার নিয়োগ দেওয়া হলেও পর্যায়ক্রমে ডিলার নিয়োগ পাবে ৪০০ জন। মন্ত্রী বলেন, চালের বর্তমান মজুদে আগামী বোরো মৌসুম অর্থাত্ এপ্রিল পর্যন্ত ওএমএস কার্যক্রম চালানো যাবে। এ ছাড়া সাড়ে চার লাখ টন গম আমদানি করার প্রক্রিয়াও চূড়ান্ত। রাশিয়ার সঙ্গে চুক্তি করে আনা হচ্ছে তিন লাখ টন গম। অতি দরিদ্রদের জন্য মাসে ২০ কেজি করে চালের দর কত হবে—এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভারতে এ ধরনের কর্মসূচিতে চালের কেজি ১৭ টাকা। তবে আমাদেরটা এখনো নির্ধারণ করা হয়নি।’ মিয়ানমার থেকে চাল আমদানি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, মিয়ানমার চাল দেবে না—এটা ঠিক নয়। তবে মিয়ানমার থেকে সরকারিভাবে চাল আমদানির ব্যবস্থা নেই। বেসরকারিভাবে চাল আমদানির সুযোগ বন্ধ নেই।